সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাপমারা খালের ওপর নির্মিত তিনটি সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এমন অবস্থায় সেতুগুলো দিয়ে মানুষ একরকম চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে আধা কিলোমিটার পথ পাড়ি দিতে এখন চার কিলোমিটার ঘুরতে হচ্ছে।
সেতু তিনটি হচ্ছে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে খেজুরবাড়িয়া সেতু, শাহাজাহানপুর সেতু ও প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন সেতু। ১৯৯৭ সালে ১৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা করে ব্যয়ে এ তিন সেতু নির্মাণ করা হয়। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৫০ ফুট।
স্থানীয় ব্যক্তিরা জানান, সেতু নির্মিত হওয়ার পর খালের পশ্চিম পাশের গ্রাম খেজুরবাড়িয়া ও শাহাজাহানপুর থেকে পারুলিয়ায় যাতায়াত সহজ হয়ে ওঠে। এ সেতুর ওপর দিয়ে শিক্ষার্থীরা পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। একইভাবে ব্যস্ততম এলাকা পারুলিয়ায় ব্যাংক, বাজারসহ ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করে মানুষ।
খেজুরবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী ফজর আলী বলেন, আট–নয় মাস আগে সীমান্ত নদীর সংযোগ খাল সাপমারা পুনঃখনন করা হয়। খালের প্রস্থ করা হয় ৮০ ফুট। এরপর থেকে সেতু তিনটির সংযোগ সড়ক থেকে মাটি সরে যেতে থাকে। মাটি সরে গিয়ে বর্তমানে এমন ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে যে ওই সব সেতু দিয়ে চলাচল করা যাচ্ছে না।
একই এলাকার চিংড়ি ব্যবসায়ী আফসার গাজী জানান, সেতু তিনটির কারণে এই এলাকায় জীবনযাত্রা থমকে গেছে।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ এসব সেতুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তবে দীর্ঘদিনেও সমাধান হয়নি।
দেবহাটা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, সেতু ছাড়া খালের প্রস্থ বেশি খনন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। একটি সেতুর সংযোগ সড়কের জন্য বরাদ্দ পাওয়া গেছে। বাকি দুটির জন্য কোনো বরাদ্দ নেই।