‘তিনি ছিলেন সুবিধাবাদী রাজনীতির ঘোর বিরোধী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাফফর আহমদ
ফাইল

মোজাফফর আহমদ ছিলেন সুবিধাবাদী রাজনীতির ঘোর বিরোধী। তিনি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছেন। আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তাঁর আদর্শকে ধারণ করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য গড়ে তুলতে হবে।

ন্যাপের প্রধান অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। আজ রোববার কুমিল্লার দেবীদ্বার উপজেলায় দলটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে মোজাফফর আহমদের বাড়ি এলাহাবাদ গ্রামে তাঁরই প্রতিষ্ঠিত এলাহাবাদ আদর্শ কলেজের মিলনায়তনে ওই সভা হয়। এর আগে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

স্মরণসভায় ন্যাপের উপজেলা সভাপতি অনিল চক্রবর্তী সভাপতিত্ব করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মমিনুর রহমান সভা সঞ্চালনা করেন। এতে বক্তারা বলেন, মোজাফফর আহমদ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপমহাদেশে বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্কাফী, ন্যাপের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক, ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিতুল দাস, সহসাংগঠনিক সম্পাদক সফিক খান, সদস্য রিজভী আহাম্মেদ ও সাইফুল ইসলাম, চান্দিনা উপজেলা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ সুলতান, দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার ভূঁইয়া, সিপিবির জেলা সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার, সাধারণ সম্পাদক পরেশ কর, কৃষক সমিতির জেলা সভাপতি সুজাত আলী, আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক এ কে এম গোলাম ফারুক, এলাহাবাদ আদর্শ কলেজের অধ্যক্ষ এ কে এম জহিরুল ইসলাম, এলাহাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দত্ত প্রমুখ।