
অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটায়। কিন্তু বেলা তিনটা থেকেই হাজির কয়েক শ মানুষ। চারটায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের সহস্রাধিক আসন পূর্ণ হওয়ার পর বাইরে উপচে পড়ে কয়েক শ দর্শক। বাউল, শিল্পী, ভাবুক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় গতকাল সোমবার এ রকম উৎসবমুখর আবহে উদ্যাপিত হয় প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ।
করিমের স্বকণ্ঠে গাওয়া ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’—গানের সঙ্গে বিপুল শর্মার পরিচালনায় নৃত্য পরিবেশনায় অংশ নেন ‘ছন্দ নৃত্যালয়’-এর অর্ধশতাধিক শিল্পী। এরপর ঢাকের বাদ্যের সঙ্গে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও লেখক তপোধীর ভট্টাচার্য।
তপোধীর ভট্টাচার্য বলেন, শাহ আবদুল করিমের গান শুনে শুধু মাথা নাড়লেই চলবে না, গানের গভীরে প্রবেশ করতে হবে। করিম তাঁর গানে সমষ্টির কথা বলেছেন। দেশ-কাল করিমের কথা না ভাবলেও করিম দেশ-কালের কথা বলে গিয়েছেন। আর করিমের সৃষ্টির সার্থকতাই এখানে।
প্রধান অতিথির বক্তৃতায় তপোধীর ভট্টাচার্য বলেন, ‘শাহ আবদুল করিমের গানকে জ্ঞানের মধ্য দিয়ে অনুধাবন করা প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শঙ্খ ঘোষ এবং শাহ আবদুল করিম এমনই লেখক, যাঁদের লেখা যেকোনো মুহূর্তে যেকোনো স্থান থেকেই পাঠ করা যায়। এই চার বাঙালির রচনা সত্যিই আমাদের মোহিত করে।’
উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও অংশ নেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, ভারতের সাহিত্যিক স্বপ্না ভট্টাচার্য, কবি তুষার কর ও করিমতনয় শাহ নূরজালাল। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমা পারভীন।
অধ্যাপক মো. সালেহ উদ্দিন বলেন, ‘করিম আমাদের অসাম্প্রদায়িক হতে শিখিয়েছেন। এ সমাজে করিম এখনো সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। আমরা ভণ্ডামি করি বেশি, কিন্তু করিমের মধ্যে এর লেশমাত্রও ছিল না। করিম-জীবন ও দর্শন তাই তরুণ প্রজন্মকে আদর্শ হিসেবে নিতে হবে।’
কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, প্রতিভা মানেই বিস্ময়কর, করিম ছিলেন আরও বড় বিস্ময়কর। একই লোক এত আধুনিক এবং এত চিরকালীন হন কীভাবে? তাঁর গানে যেমন চিরকালীন পুরানের কথা রয়েছে, তেমনি ঐক্য ও মিলনের কথা বলেছেন। ২০০৪ সালে করিমকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা প্রদান করতে পেরে প্রথম আলো গর্বিত বলে মন্তব্য করেন তিনি।
স্বপ্না ভট্টাচার্য বক্তৃতায় বলেন, ‘করিমের গান আমাদের মনোজগৎকে নাড়া দেয়, আলোড়িত করে। মানুষের সংকটে মানুষকে বাঁচিয়ে দেয় সংস্কৃতি। আর করিমের গান সেই সংকট উত্তরণের আলোকোজ্জ্বল সিঁড়ি।’ বক্তৃতায় শাহ নূরজালাল বলেন, ‘শাহ আবদুল করিম আর কেবল আমার পরিবারের নন, তিনি এখন সারা দেশের, সারা জাতির, সারা বিশ্বের। আর কোনো বাউল যেন বাবার মতো জীবদ্দশায় লাঞ্ছিত-বঞ্চিত না হন, সে জন্য রাষ্ট্রকে দায়িত্ব নেওয়া উচিত।’
শুভেন্দু ইমাম বলেন, করিমের গানের শুদ্ধ পাঠ ও শুদ্ধ সুর ছড়িয়ে দিতে পারলেই কেবল করিমের শতবর্ষ পালনের সার্থকতা হবে। ইদানীং করিমের জন্মতারিখ থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কিছু সুবিধাবাদী বিভ্রান্তি ছড়াচ্ছে, এর প্রতিবাদও করিম-অনুরাগীদের করা উচিত।
আলোচনা পর্বের শুরুতে সৃজনশীল পোশাকের দোকান ‘স্লোগান’-এর জন্মশতবর্ষ টি-শার্ট, উৎসব স্মারক ও ষড়্ঋতুর তৈরি করিমের গান দিয়ে ‘মা’ শীর্ষক ব্যাগের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনার পর সন্ধ্যায় প্রয়াত বাউলের জন্মশতবর্ষ উপলক্ষে ১০০টি মোমবাতি প্রজ্বালন করা হয়। সাংস্কৃতিক পর্বের শুরুতেই ছিল কলকাতার প্রখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিকের ‘গান ও গল্প’ শীর্ষক এক ঘণ্টার পরিবেশনা। মৌসুমী ভৌমিক বলেন, ‘আমি যেখানে গান শুনতে যাই সেখানেই একটা গল্পের জন্ম নেয়। আর এভাবে গানটাও একটা গল্প হয়ে যাচ্ছে। করিম ভাইয়ের সঙ্গেও এ রকম অভিজ্ঞতা হয়েছে। সবচেয়ে লক্ষণীয়, করিম ভাই না জেনে গাইতেন না। অথচ আজকাল অনেকেই বিষয়বস্তু না জেনেই গাইছেন। আর তাই গান সেভাবে স্পর্শ করছে না।’
মৌসুমী ভৌমিকের পর ছিল শিল্পী ফজলুল কবীর তুহিনের পরিবেশনা। এরপর গান পরিবেশন করেন করিমের শিষ্য বাউল আবদুর রহমান ও রণেশ ঠাকুর। এ ছাড়া প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশ, যুক্তরাজ্যপ্রবাসী লোকসংগীতশিল্পী হিমাংশু গোস্বামী, বাউল বশির উদ্দিন সরকার, বাউল সিরাজ উদ্দিন, বাউল বাবুল সরকার, বাউল শাহীনুর আলম সরকার, শিল্পী লাভলী দেব, অংশুমান দত্ত, শামীম আহমদ, মনিরা ইসলাম পাপ্পু, বিজন রায়, সৌরভ সোহেল, ধরনী দাস, লিংকন দাশ, প্রশান্ত কুমার দাস প্রমুখ গান পরিবেশন করেন।