তিস্তাপারের ৩৫ শতাংশ মানুষ পেশা হারিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত দুই দশকে পানির নিম্নপ্রবাহের কারণে তিস্তাপারের নদীনির্ভর ৩৫ শতাংশ মানুষ পেশা হারিয়েছে। তিস্তার ভাঙন, পেশা হারানোসহ নানা কারণে ১০ বার ঠিকানা পাল্টাতে হয়েছে এমন মানুষের সংখ্যা ৪২ শতাংশ। পরিবারপ্রতি বছরে গড় আর্থিক ক্ষতি ২৫ হাজার টাকা। আন্তর্জাতিক সংগঠন অ্যাকশনএইডের একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ভারতের সিকিমে উৎপত্তি হয়ে তিস্তা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে লালমনিরহাট জেলায় প্রবেশ করেছে। দুই দশক আগে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির গজলডোবায় তিস্তার বাঁধ নির্মাণ করে এর প্রবাহ বাধাগ্রস্ত করা হয়। এ বছরের ১১ মার্চ নদীটির সর্বনিম্ন প্রবাহ ছিল ৩৫০ কিউসেক পানি। এ সময়ে বাংলাদেশ অংশে তিস্তার স্বাভাবিক প্রবাহ থাকত পাঁচ হাজার কিউসেকের বেশি। এই নিম্নপ্রবাহ তিস্তাপারের পাশে বসবাসকারী অজস্র মানুষের জীবনকে করে তুলেছে বিপন্ন। তিস্তাপারের বৃত্তান্ত তাই সীমাহীন কষ্টের।
অ্যাকশনএইডের গবেষণা শুরু হয় ২০১৩ সালের জুলাই মাসে, চলে ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। মূল গবেষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, নদীতীরের মানুষের জীবনযাপন, পেশা, সংস্কৃতির ওপর নদীর প্রভাব নিয়ে এ গবেষণা। নদীপারের মানুষের যাপিত জীবনের অভিজ্ঞতার কথা উঠে এসেছে গবেষণায়।
লালমনিরহাট জেলার সদর উপজেলার দুটি এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুটি ইউনিয়নের ১ হাজার ১৪০টি পরিবারের ওপর এই গবেষণা চলে। জরিপে অংশগ্রহণকারীদের গড় বয়স ৪৫ বছর।
গবেষণার উদ্দেশ্য সম্পর্কে অ্যাকশনএইডের বাংলাদেশের গবেষণা কর্মকর্তা এস এম ওয়ালিউজ্জামান প্রথম আলোকে বলেন, মানুষ, নদী ও পানির আন্তসম্পর্ক বিবেচনা এবং মানুষের জীবন-জীবিকার ওপর তিস্তার প্রবাহের প্রভাব দেখতে এ গবেষণাটি করা হয়। তবে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
গবেষণায় দেখা গেছে, গড়ে দুটি এলাকা মিলিয়ে নদীপারের ৩৫ শতাংশ মানুষ তাদের পেশা (কৃষি, জেলে ও মাঝি) হারিয়েছে। তাদের মধ্যে নদীর প্রবেশমুখের ৮৮ শতাংশ মাঝি, ২০ শতাংশ কৃষক ও ৪৯ শতাংশ জেলে পেশা হারিয়েছেন। আর নদীর প্রবেশমুখ থেকে দূরে ৯৭ শতাংশ মাঝি, ৩৩ শতাংশ কৃষক ও ৬৫ শতাংশ জেলে পেশা বদল করতে বাধ্য হয়েছেন।
এ ছাড়া এ দুই এলাকার অন্তত ২৫ শতাংশ মানুষ দিনমজুরে পরিণত হয়েছেন। এঁদেরই একজন লালমনিরহাট সদর উপজেলার তিস্তাপারের ইউনিয়ন খুনিয়াগাছের হরিণচরা গ্রামের আবদুল জলিল (৪৮)। একসময় মাঝি ছিলেন, নয় বছর আগে মাঝির কাজ ছেড়েছেন। আবদুল জলিল গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘নদীতে পানি নাই, নৌকা চলে না, আবার অল্প পানি থাকায় গ্রামের লোকজন হাঁটিয়া নদী পার হয়, আমাদের নৌকায় চড়ে না। এখন অন্যের জমিতে দিনমজুরের কাজ করি।’
পানিবিশেষজ্ঞ ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এনামুল হক বলেন, ‘নদীর প্রবহমানতা হঠাৎ কমে গেলে চর জাগে। আবার জোর বেগে পানি এলে ভরাট হয়ে যাওয়া এলাকায় ভাঙন শুরু হয়। তিস্তার প্রবাহ হঠাৎ কমে গেছে। তাই জেগেছে চর। আবার বর্ষা মৌসুমে প্রবল পানি এসে তীব্র ভাঙন নদীপারের মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠেছে।’
গবেষণায় দেখা গেছে, ১০ বারের বেশি ভিটেমাটি হারিয়েছে নদীপারের এমন পরিবারের সংখ্যা ৩৪ দশমিক ৫ শতাংশ। আর ৫ থেকে ১০ বার ঠিকানা হারানো পরিবার ১৯ দশমিক ৯ শতাংশ। অন্তত পাঁচবার গৃহহীন হয়েছে এমন পরিবার ২২ শতাংশ।
নদীর কারণে ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত মানুষেরা লালমনিরহাট শহরের বালাটারী গ্রামে বিএনপি বস্তি গড়ে তুলেছে। বস্তির বাসিন্দা খোকন মিয়া (৩৮) আগে থাকতেন নদীর পাশের হরিণচরা গ্রামে। অন্তত আটবার ঘর ভাঙার পর চলে আসেন শহরে। তিনি বলছিলেন, ‘হরিণচরা গ্রামত থাকার সময় নদীত মাছ ধরি, জমি আবাদ করি চলি যাতো, এখন শহরে রাজমিস্ত্রির কাজ করি। এক দিন খাবার জোটে তো আরেক দিন কাজ না থাকায় উপাস থাকা খায়। কেউ হামার খোঁজ নেয় না বাহে।’
হরিণচরা গ্রামের কৃষক মাহবুবুর রহমান বলেন, ‘২০০২ সাল পর্যন্ত তিস্তা নদীর পানি ব্যবহার করেই ধানসহ অন্যান্য ফসল আবাদ করতাম। পরে তিস্তা নদীর পানি কমে গেলে বিঘাপ্রতি অতিরিক্ত তিন থেকে পাঁচ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে।’
নতুন চর বিপত্তিও তৈরি করেছে। জরিপের ৭৮ শতাংশ মানুষ মনে করে, চর জাগার কারণেই ভূমি দখল ও ভূমি হারানোর পরিমাণ বেড়েছে।
গবেষণায় অংশ নেওয়া ৯৩ শতাংশ মানুষ মনে করে, উজানের দেশের অন্যায্য আচরণের জন্যই তাদের জীবনে এই দুর্ভোগ নেমেছে। তবে তাদের প্রায় ৮০ শতাংশের ধারণা, এই সমস্যা সমাধানে তারা কিছু করতে পারবে না, যা করতে হয় সরকারকেই করতে হবে।
পানি বিশেষজ্ঞ এনামুল হক বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তসীমান্ত নদীর ব্যবহার এমনভাবে কেউ করবে না, যাতে অন্য দেশের কোনো ক্ষতি হয়। ভারত বারবার বলে, বাংলাদেশের কোনো ক্ষতি হয় এমন কিছু তারা করবে না। তবে ক্ষতি যে হচ্ছে, তা বলার চেষ্টাটাও আমাদের পক্ষ থেকে নেই।’
তবে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেনের দাবি, তাঁরা বসে নেই। একটি চুক্তির বিষয়ে বাংলাদেশের পক্ষ প্রস্তুত। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বোঝাপড়ার বিষয়টিই এখন মুখ্য। তবে তিনি নদীনির্ভর মানুষের ক্ষয়ক্ষতির দিকটি আমলে নিতে চান না। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগের চেয়ে ভাঙনের পরিমাণ বরং কমেছে। আর পেশার পরিবর্তন তো হতেই পারে। আগের পেশা ছেড়ে নতুন কোনো পেশায় তো তারা যুক্ত হচ্ছেই।’
অবশ্য অধ্যাপক ইমতিয়াজ বলেন, কেউ যদি এভাবে বলে, তবে তাঁর সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। যেসব মানুষ এক জীবনে আট থেকে দশবার ঠিকানা পাল্টায়, তাদের জীবনের অভিজ্ঞতাটা বোঝা দরকার। আমাদের নীতিনির্ধারকদের বোধোদয় হওয়া দরকার।’