সফলতার গল্প
তিস্তার চরে বাদামের সুখ
রংপুরের কাউনিয়ায় ৬টি ইউনিয়নে তিস্তা নদীর ২০টি চর আছে। প্রায় দুই হাজার কৃষক এসব চরের ৯৩০ হেক্টর জমিতে বাদাম চাষ করেন।
তিস্তার ভাঙনে বিলীন হয়েছিল ঘর, আবাদি জমি। নিঃস্ব হয়ে প্রায় ১১ বছর কামলা খেটে জীবিকা নির্বাহ করেছেন। রংপুরের কাউনিয়া উপজেলার বশিরুল ইসলামের কাছে সে সময়টা এখন স্মৃতি। নতুন করে এখন তাঁর জমি, ঘর হয়েছে। অন্যদের কাছে তিনি হয়েছেন অনুসরণীয় কৃষক।
যে নদীর ভাঙনে বশিরুল সব হারিয়েছিলেন, সে নদীর চরেই বাদাম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। উপজেলার চরগণাই তিস্তার চরে বশিরুলের বাদামের জমি। এই গ্রামেই তাঁর বাড়ি।
উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে টেপামধুপুর ইউনিয়নে তিস্তা নদীর পারে চরগণাই চর। কাঁচা-পাকা পথ ধরে সম্প্রতি চরগণাই চরে ঢুকেই দেখা মেলে মাঠের পর মাঠজুড়ে বাদামের চাষ। কর্মব্যস্ত কৃষকেরা। কেউ রাস্তার পাশে শুকাচ্ছেন বাদাম, কেউ জমি থেকে তুলছেন গাছসহ বাদাম। কেউবা শিকড় থেকে বাদাম আলাদা করছেন।
১০০ শতক জমিতে ৩২-৩৩ মণ বাদাম হয়। বাড়িত পাইকার আসিয়া প্রতি মণ ২ হাজার ৭০০ টাকায় কিনি নিয়া যায়।
বশিরুলের বাড়িতে গিয়ে দেখা যায়, দুটি ঘরে গাছসহ বাদামে ঠাসা। তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির উঠানে শিকড় থেকে বাদাম আলাদা করছিলেন। পাশে দাঁড়িয়ে থেকে পরামর্শ দিতে দেখা যায় উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী ইসলামকে। সেখানেই প্রতিবেদকদের বশিরুল শোনান, বাদাম চাষ করে ভাগ্যবদলের গল্প।
২০০৯ সালের শুরুতে পাশের প্রাণনাথ চরে আবদুর রহমানের বাড়িতে শ্রমিকের কাজ করতে যান তিনি। কষ্টের কথা শুনে আবদুর রহমানই বাদাম চাষের পরামর্শ দেন বশিরুলকে। ওই বছরের ফেব্রুয়ারি মাসে ২৫ শতক জমি বর্গা নিয়ে বাদাম লাগান বশিরুল। ১২০ দিনের মাথায় বাদাম ধরে। সে বাদাম বিক্রি করে আয় হয় ১০ হাজার ৮৫০ টাকা। এরপরই বাদাম চাষে ঝোঁকেন তিনি।
পরের বছর আরও এক বিঘা জমি বর্গা নেন। মায়ের পালন করা একটি গাভি বিক্রি করে সেখানে বাদাম লাগান। সেবার বাদাম বিক্রি করে আয় করেন ৪৫ হাজার টাকা। এভাবে একপর্যায়ে চাষের জমি বাড়ে, আয় বাড়ে, বশিরুলের অভাবের সংসারে আসে সচ্ছলতা।
চলতি বছরও নিজের কেনা তিন একরসহ অন্যের জমি বর্গা নিয়ে সাড়ে পাঁচ একরে বাদামের চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। খরচ বাদে তিন লাখ টাকা আয়ের আশা করছেন বশিরুল।
বশিরুলের সফলতা বাদাম চাষে উৎসাহিত করে অন্যদেরও। শিক্ষকতার পাশাপাশি বাদাম চাষ করছেন বিশ্বনাথ চরের আবদুল লতিফ। এই চরের কৃষক বেলাল হোসেন বলেন, ‘১০০ শতক জমিতে ৩২-৩৩ মণ বাদাম হয়। বাড়িত পাইকার আসিয়া প্রতি মণ (৪০ কেজি) ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় কিনি নিয়া যায়।’
ইউপি সদস্য ওহাব আলী বলেন, অতীতে তিস্তা গভীর ছিল। ১৯৭০ সালের দিক থেকে পলি জমা শুরু হয়। জেগে উঠতে থাকে চর। কিন্তু চরে আবাদ হতো না। বশিরুল ইসলামের দেখাদেখি কিছু লোক চরগণাই চরে বাদাম চাষ শুরু করেন।
বাদাম ছাড়া বছরের অন্য সময় এই চরে মিষ্টি কুমড়া, আলু ও মরিচের চাষ হয়। কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, এসব ফসলের মধ্যে লাভ বেশি হয় বাদামে। উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২০টি চর আছে। এবার প্রায় দুই হাজার কৃষক এসব চরের ৯৩০ হেক্টর জমিতে বাদাম চাষ করেন। এ বাদাম ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।