তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে, বিদ্যালয়ে পানি উঠে বন্ধ পাঠদান
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে আজ বৃহস্পতিবার বেলা তিনটায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গতকাল বুধবার একই সময়ে একই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গত ২৪ ঘণ্টায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে লালমনিরহাটের তিস্তা নদীর তীরঘেঁষা নিচু এলাকার সাড়ে ১৭ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসন থেকে এসব পরিবারে ত্রাণসহায়তার অংশ হিসেবে ১৭০ মেট্রিক টন জিআর চাল, নগদ ৮ লাখ টাকা এবং শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
আকস্মিক বন্যার পানিতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়। পানি ওঠায় এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে বলে জানান লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী। তিনি বলেন, এ ছাড়া পানিবন্দী পরিবারগুলো আশ্রয় নেওয়ার কারণে আরও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ আছে।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বন্যার পানির তোড়ে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর স্কুল অ্যান্ড কলেজের তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের আছের মাহমুদ জুনিয়র স্কুলের ভবন ভেঙে গেছে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ বলেন, মাত্র ২৪ ঘণ্টার বন্যা হলেও জেলার কৃষি খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। রোপা আমনের ২ হাজার ৯৫৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে, ১৯২ হেক্টর জমির ভুট্টার ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এ ছাড়া ৫ হেক্টর জমির কাঁচা মরিচ, ৫২ হেক্টর জমির বাদাম, ৬৪ হেক্টর জমির আলু, ৫ হেক্টর জমির মাষকলাই বন্যার পানিতে তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ার আগামী চার–পাঁচ দিন পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।
লালমনিরহাট জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, তিস্তা নদীর পানির তোড়ে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের কাকিনা মহিপুর আঞ্চলিক পাকা সড়কের রুদ্রেশ্বর এলাকায় ১০০ মিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস খুলে যায়। এ সময় পাশের জেলা নীলফামারীর জলঢাকা থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৬ থেকে ৭টি খুঁটি উপড়ে পড়ে। এতে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা ২৪ ঘণ্টা বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে লালমনিরহাট থেকে পুরোনো বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, জেলার পাঁচটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিমাণ ও প্রকার নিরূপণের কাজ চলমান রয়েছে। পানিবন্দী সাড়ে ১৭ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণসহায়তার অংশ হিসেবে ১৭০ মেট্রিক টন জিআর চাল এবং নগদ অর্থ সহায়তা হিসেবে ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।