তিস্তার পানি বইছে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবিটি তিস্তা ব্যারাজ এলাকার
ছবি: প্রথম আলো

নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এটি এ বছরের সর্বোচ্চ প্রবাহের ঘটনা। আজ বুধবার সকাল ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে তিস্তার পানি বাড়তে শুরু করে। দ্রুতগতিতে পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের নদীবেষ্টিত ১৫টি গ্রামের ২০ হাজারের বেশি পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।

ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। আজকেও পানি বাড়া অব্যাহত থাকায় বন্যাকবলিত মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছে।

টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, টাপুরচরে স্বেচ্ছাশ্রমে করা বালুর বাঁধটি হুমকির মুখে রয়েছে। পানি ওই বাঁধের মাথা ছুঁই ছুঁই করছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি সকাল নয়টায় বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, উজান থেকে আসা ঢলে হঠাৎ করে তিস্তায় অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে আজ বুধবার সকালে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্ট এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই পয়েন্টে তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, গতকাল রাত ১০টার পর থেকে তিস্তা নদীর পানির প্রবাহ বাড়তে থাকে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, পাউবোর পক্ষ থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। সবাই বিষয়টির দিকে নজর রাখছে। এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণসহায়তা আছে।