তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় একমাস পর আবার তিস্তা নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারাজ এলাকায়।
ফাইল ছবি

প্রায় এক মাস পর আবার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলার বাড়ার পর পানি কিছুটা কমে আসে।

তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

পাউবোর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্রমতে, শুক্রবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি ৫২ দশমিক ৭৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ৩টায় পানি ৫ সেন্টিমিটার কমে যায়। এর আগে গত ৯ জুলাই তিস্তা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার ওপরে ওঠে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, নদীর পানি বেড়ে যাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের প্রায় ১৫টি চরাঞ্চলের পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, বৃহস্পতিবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে।

টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, প্রায় এক মাস বিরতি দিয়ে তিস্তা নদীর পানি বেড়েছে। তাঁর ইউনিয়নের প্রায় ৬০০ পরিবার এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে।

পাউবোর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, উজানে ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখন পানি আস্তে আস্তে কমছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি (৪৪) জলকপাট খুলে রাখা হয়েছে।