তিস্তার ভাঙনের মুখে দহগ্রাম

ভাঙন ঠেকাতে ইউনিয়নটির চার কিলোমিটার এলাকায় ব্লক তৈরি ও বাঁধ নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।

তিস্তার ভাঙনে ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মহিমপাড়া, গুচ্ছগ্রামসহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের হুমকির মুখে। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আলোচিত ভূখণ্ড দহগ্রাম। তিন দিকে ভারত, এক দিকে তিস্তা নদীবেষ্টিত ২২ কিলোমিটারের দহগ্রাম ইউনিয়ন। তিস্তার ভাঙনে দহগ্রামের আয়তন ক্রমেই ছোট হয়ে আসছে। ভাঙন ঠেকাতে চার কিলোমিটার এলাকায় ব্লক তৈরি ও বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। সেই কাজ এখনো শেষ হয়নি। এদিকে তিস্তা ক্রমেই ভেঙেই চলেছে। জমিজমা, বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সীমান্ত নদীতীর সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় দহগ্রামকে তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। চার কিলোমিটার এলাকায় ব্লক তৈরি ও বাঁধ নির্মাণে খুলনা শিপইয়ার্ডকে কাজ দেওয়া হয়। খুলনা শিপইয়ার্ড কাজটি সাব–কন্ট্রাক্টে দেয় ঢাকার ডলি কন্সট্রাকশনকে। ২০১৯ সালের ডিসেম্বরে তারা কাজ শুরু করে। শেষ করার কথা পরের বছর জুনে। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় ডলি কন্সট্রাকশনের কার্যাদেশ বাতিল করে সরকার। খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে পাঁচটি প্যাকেজে নতুন করে ঢাকার জ্যামকনকে দুটি, এম এস হাসিনা আলম অ্যান্ড সন্স একটি ও আয়ান কন্সট্রাকশনকে একটি প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণের কাজ দেওয়া হয়। এর মধ্যে ৮২৫ মিটার বাঁধ নির্মাণের কাজ পায় এস এম তাজুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু তারাই বাঁধের কাজ শেষ করেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান জ্যামকনের প্রকৌশলী হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, বাঁধ নির্মাণের কাজ চলমান আছে। বর্ষার কারণে কাজে ধীরগতির আছে। তবে মাসখানেকের মধ্যে পুরোদমে কাজ শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

প্রকল্পটি দেখভালের দায়িত্ব পাউবো লালমনিরহাটের উপসহকারী প্রকৌশলী (এসডি) মফিদুল ইসলামের। তিনি প্রথম আলোকে বলেন, প্রকল্পটির মূল ঠিকাদার খুলনা শিপইয়ার্ড। তারা সাব–কন্ট্রাক্টে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দিয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে কাজটি শুরু হয়ে শেষ হওয়ার কথা ২০২০-এর জুনে। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ না হওয়ায় চলতি বছরের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু বাঁধ নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এ পর্যন্ত কাজের ৩০-৪০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানালেন পাউবোর এই কর্মকর্তা।

* তিস্তা নদীর ভাঙনে রোপা আমনের জমি বিলীন হয়ে গেছে। কিছু কিছু এলাকায় ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। * নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ না হওয়ায় জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু বাঁধ নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।

সম্প্রতি দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম গ্রামে দেখা গেছে, তিস্তা নদীর ভাঙনে রোপা আমনের জমি বিলীন হয়ে গেছে। নদীতীরের কিছু কিছু এলাকায় ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এ সময় প্রায় পাঁচ-সাতজন কৃষকের সঙ্গে কথা হয়। তাঁরা জানালেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় ওই ইউনিয়নের মহিমপাড়াসহ ছয়টি গ্রাম ও নয়ারহাট চলাচলের আঞ্চলিক সড়কটি হুমকির মুখে পড়েছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বললেন, গত কয়েক দশকের ভাঙনে ইউনিয়নের ৫–৬ কিলোমিটার বিলীন হয়ে গেছে। যেভাবে তিস্তা নদী ভাঙছে, তাতে দহগ্রাম নিশ্চিহ্ন হওয়ার পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে দহগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় তিস্তার ভাঙন থেকে দহগ্রামকে রক্ষায় বাঁধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাঁধ নির্মাণে বরাদ্দও আসে। কিন্তু সেই বাঁধের কাজ এখনো শেষ হয়নি। ফলে দিনের পর দিন তিস্তার ভাঙনে দহগ্রাম বিলীন হয়ে যাচ্ছে। ইউনিয়নটি রক্ষায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

যারা বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী কাজ করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আপাতত ভাঙন ঠেকানোর জন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি কমলে বাঁধের কাজ শুরু করা হবে।
মিজানুর রহমান নির্বাহী প্রকৌশলী, পাউবো, লালমনিরহাট

পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, যারা বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী কাজ করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আপাতত ভাঙন ঠেকানোর জন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি কমলে বাঁধের কাজ শুরু করা হবে।

জানতে চাইলে খুলনা শিপইয়ার্ডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ডলি কন্সট্রাকশন ঠিক সময়ে কাজ না করায় সমস্যা হয়েছে। তাদের কাছে স্থানীয় লোকজনের টাকা পাওনা ছিল। তাই নতুন ঠিকাদার কাজ করতে সমস্যার মুখে পড়ে। কাজের গতি কমে যায়। পরে এলাকার লোকজনকে বুঝিয়ে কাজ শুরু করা হয়। এরপরও পাওনাদারেরা জটিলতা সৃষ্টি করে। পরে স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করা হয়।

লালমনিরহাট–১ আসনের (পাটগ্রাম–হাতিবান্ধা) সাংসদ মো. মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ডলি কন্সট্রাকশন কাজ ছেড়ে চলে গেছে। করোনার কারণে ঠিকাদারেরা সময়মতো টাকা পাচ্ছেন না। তাই সমস্যা হয়ে গেছে। দ্রুত ভাঙনরোধে কাজ না করলে দহগ্রামকে রক্ষা করা যাবে না।

এ ব্যাপারে ডলি কন্সট্রাকশনের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।