তিস্তায় পানি বাড়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় তলিয়ে গেছে ধানখেত। আজ বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার শংকরদহ গ্রামে
ছবি: মঈনুল ইসলাম

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হওয়ায় ধান, আগাম আলু, বাদাম ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তায় পানি বাড়ায় উপজেলার সাতটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, নিম্নাঞ্চল ও চর এলাকায় এবার ৩০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর পুরোটাই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগাম আলু ২৪ হেক্টর ও মিষ্টি কুমড়া ৩৫ হেক্টর ও ধান ১ হাজার ৬৫৫ হেক্টর জমিতে চাষ হলেও পানির তোড়ে এসব ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখনো সম্ভব হয়নি। তবে যেভাবে পানির স্রোত ছিল, তাতে কিছু ফসলের ক্ষতি তো হবে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। আজ সকাল আটটায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

স্থানীয় কয়েকজন বলেন, গত মঙ্গলবার রাতে হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার আলমবিদিতর, লক্ষ্মীটারি, কোলকোন্দ, নোহালী, গজঘণ্টা, গঙ্গাচড়া সদর ও মর্নেয়া ইউনিয়ন প্লাবিত হয় । পানিবন্দী অনেকে ঘরের চৌকির ওপর ঠাঁই নেন, কেউ কেউ বাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, পানি কমে গেলেও বিভিন্ন ফসলের খেতগুলো এখনো পানিতে তলিয়ে আছে। স্থানীয় কৃষকেরা জানান, কিছু খেত থেকে পানি সরে গেলেও এসব খেতে ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। পানি সরে যাওয়ার পরে ফসলে পচন দেখা দিতে পারে।

লক্ষ্মিটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের সিরাজুল ইসলাম এবার চরের ৫০ শতাংশ জমিতে বাদাম চাষ করেছিলেন। তিনি বলেন, ‘এবার বর্ষাকাল গেল, তেমন বন্যা হইল না। কার্তিক মাসের শুরুতে আসিয়া এক দিনের বানোত শোগ আবাদ নষ্ট হয়া গেলো।’
বন্যার পানিতে ৩০ শতাংশ আমন ধানের খেত নষ্ট হয়েছে বলে জানান একই গ্রামের কৃষক একরামুল হক। লক্ষ্মিটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহেল হাদী বলেন, পানিবন্দী মানুষকে সহায়তা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনা খাবার ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, উত্তর চিলাখাল, সাউথপাড়া, মটুকপুরসহ চার গ্রামের ফসলও পানির নিচে তলিয়ে যায়। পানির তোড়ে অনেক ফসলের খেত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব আলী জানান।

গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, মহিষাসুর, রমাকান্ত, আলালচর, জয়দেব এলাকা, নোহালী, আলমবিদিতর, গজঘণ্টা, গঙ্গাচড়া সদর ও মর্নেয়াসহ এই পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চল ফসলের একই অবস্থা হয়েছে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, জেলা প্রশাসক আসিব আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে ৭ ইউনিয়নে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হযেছে। একই সঙ্গে পানিবন্দী লোকজনের মধ্যে ১ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে। নতুন করে ৫০ মেট্রিক টন চাল ও ২ হাজার শুকনা খাবার বরাদ্দের জন্য আবেদন জানানো হয়েছে।