উজানে ভারী বর্ষণ ও ঢলের কারণে তিস্তা নদীর পানি বেড়ে গেছে। গতকাল বুধবার ভোর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র জানায়, গতকাল সকাল ছয়টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা সেচ প্রকল্পের তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার।
পরিস্থিতি মোকাবিলায় গতকাল ব্যারাজের ৪৪টি জলকপাটের সব কটি খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তিস্তায় পানি বৃদ্ধির কারণে পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার, গোলমুণ্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের তিস্তাবেষ্টিত প্রায় ১৫টি গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত এক হাজার মিটার দৈর্ঘের বালুর বাঁধের প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।
পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তিস্তা নদীর পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় পূর্ব ছাতনাই ও ঝাড়শিহরেশ্বর গ্রামের প্রায় ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল ছয়টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও নয়টায় ৩ সেন্টিমিটার কমে যায়।