তীব্র যানজটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ও বোনাসের দাবিতে ক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় সড়ক অবরোধ করেন। এ কারণে নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত বায়েজিদ সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর প্রভাবে নগরের অন্য সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়। রোজার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হয় মানুষ।
পুলিশ জানায়, বায়েজিদ এলাকার চা বোর্ড কার্যালয়ের সামনে গতকাল বেলা আড়াইটার দিকে সিজার অ্যাপারেলস লিমিটেড কারখানার অন্তত ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। চা বোর্ডের পাশে সিজার অ্যাপারেলস, সিজার অ্যাপারেলস এক্সটেনশান ও এলিয়ট ফ্যাশন নামে ওই প্রতিষ্ঠানটির তিনটি ইউনিট রয়েছে। বেলা দুইটার দিকে সিজার অ্যাপারেলস এক্সটেনশানের কিছু শ্রমিক জুন মাসের বেতনের দাবিতে কারখানার উৎপাদন ব্যবস্থাপক জালাল আহমেদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।
বায়েজিদ সড়কটি রাঙামাটি, খাগড়াছড়ি ও উত্তর চট্টগ্রামের দুই উপজেলার সঙ্গে যুক্ত। ফলে নগরের বাসিন্দারা ছাড়াও বিভিন্ন গন্তব্যের যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। এর আগে ২ জুলাই বায়েজিদ সড়কের চা বোর্ডের সামনে ওভারটাইম, কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন আরেকটি কারখানার শ্রমিকেরা।
সড়ক অবরোধের খবর পেয়ে বায়েজিদ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিল্প পুলিশও সেখানে উপস্থিত হয়। প্রায় তিন প্লাটুন পুলিশ শ্রমিকদের ঘিরে রাখে। এ সময় পুলিশ ও বিজিএমইএর কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে চাইলেও তাঁরা রাস্তা থেকে সরে যেতে রাজি হচ্ছিলেন না। শ্রমিকেরা বেতন ও বোনাস না দেওয়া পর্যন্ত অবরোধ চালানোর ঘোষণা দেন। তাঁরা কারখানার দুর্ব্যবহারকারী বিভিন্ন কর্মকর্তারও শাস্তি দাবি করেন।
বিক্ষোভে অংশ নেওয়া তৃষা নামের এক শ্রমিক জানান, ‘আমাদের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। আজ ১১ তারিখ এখনো বেতন দেওয়া হয়নি। তাই রাস্তায় নেমেছি।’
সরকারের ঘোষণা অনুযায়ী, ১০ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন এবং ১৪ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধ করার কথা।
শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়ে বিজিএমইএ চট্টগ্রামের সচিব মো. মাঈনুদ্দিন জানান, ‘এই কারখানার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা নিয়মিত বেতন দেয়। বাইরের কোনো ইন্ধনে এ ঘটনা ঘটতে পারে।’ কারখানার মালিকপক্ষও একই দাবি করেছে।
অবরোধ চলাকালীন বিকেল চারটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন প্রতিষ্ঠানের মালিক সিজার চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা আজ (রোববার) বেতন দেওয়ার আশ্বাস দেন। এরপর সোয়া চারটার দিকে শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান।
সিজার অ্যাপারেলসের মানবসম্পদ ব্যবস্থাপক (প্রশাসন) আবু জাহেদ দাবি করেন, শ্রমিকেরা দু-তিনজন কর্মকর্তাকে মারধর এবং দুটি গাড়ি ভাঙচুর করেছেন। তিনি বলেন, ‘একই এলাকায় আমাদের তিনটি ইউনিটের দুটির শ্রমিকেরা শান্ত থাকলেও সিজার অ্যাপারেলস এক্সটেনশানের কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারও ইন্ধনে এ ঘটনা ঘটিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান, এই কারখানার সুনাম রয়েছে। তারা নিয়মিত বেতন দেয়। এখন জুন মাসের বেতন ও বোনাসের দাবিতে একটি ইউনিটের শ্রমিকেরা অবরোধ করেন। পরে মালিক এসে আশ্বাস দেন, আগামীকাল (আজ) বেতন দেওয়া হবে। পর্যায়ক্রমে বোনাসও দেওয়া হবে। এরপর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।