তীব্র স্রোত আর ফেরি বিকল, দৌলতদিয়া ঘাটে গাড়ির সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাট এলাকায় যানবাহনের সারি। বেশির ভাগই পণ্যবাহী গাড়ি। বুধবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

পদ্মা নদীতে এখন তীব্র স্রোত। ফলে এমনিতেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের বিপরীতে চলতে গিয়ে যান্ত্রিক সমস্যায় পড়ছে পুরোনো ফেরিগুলো। যান্ত্রিক ত্রুটির কারণে চারটি ফেরি পড়ে আছে ভাসমান কারখানায়। এতে ঢাকাগামী গাড়ির চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে। ওদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের লম্বা সারি পড়ে যায় দৌলতদিয়ায়।

সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট (৩ নম্বর ঘাট) থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ছাড়িয়ে গেছে যানবাহনের সারি। প্রায় চার কিলোমিটার লম্বা এই সারিতে বেশির ভাগই ট্রাক ও কাভার্ডভ্যানসহ পণ্যবাহী অন্যান্য গাড়ি। গোয়ালন্দ মোড়ের কাছে আসার পর দুই-তিন দিন আটকা পড়ছে এসব বাড়ি।

কাঠবোঝাই একটি ট্রাক এসেছে যশোর থেকে। গন্তব্য কিশোরগঞ্জ জেলা। ট্রাকটি নিয়ে চালক মোমিন শেখ মঙ্গলবার দুপুরে যশোর থেকে রওনা হন। ওই দিন বিকেলে গোয়ালন্দ মোড়ে পৌঁছে যান। দিন শেষে রাত পেরোনোর পর বুধবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় আসে ট্রাকটি।

গোয়ালন্দ মোড়ে দুই-তিন দিন ধরে আটকে থাকছে ট্রাক। তাহলে মোমিন শেখ কীভাবে এত তাড়াতাড়ি ঘাটের কাছে পৌঁছে গেলেন? তিনি বলেন, তাঁর ট্রাকটির সামনে কয়েকটি জরুরি গাড়ি ছিল। সেগুলোর পেছন ধরে কয়েকটি গাড়ি এগোতে শুরু করে। সবার চোখ ফাঁকি দিয়ে তিনিও ওই জরুরি গাড়িগুলোর পেছন ধরেন। তা না হলে তাঁকে হয়তো আরও এক দিন গোয়ালন্দ মোড়ে আটকে থাকতে হতো।

ব্যক্তিগত ছোট গাড়িরও চাপ বেড়েছে। বুধবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

এদিকে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িরও তীব্র চাপ ঘাটে। বুধবার সকাল থেকে এ ধরনের গাড়ির চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে ঘাটে যাত্রীদেরও ভিড় দেখা যায়।

মাগুরা থেকে একটি প্রাইভেট কার নিয়ে এসেছেন চালক রশিদ প্রামাণিক। তাঁর গাড়িতে ওই জেলার একটি পরিবারের কয়েক সদস্য। যাবেন ঢাকার মিরপুরে। গাড়িভাড়া ছয় হাজার টাকা।

গাড়িতে থাকা আনোয়ারা বেগম বলেন, ‘শুনলাম ঘাটে যানজট। তাই আমরা বাসের পরিবর্তে প্রাইভেট কার ভাড়া করে রওনা দিয়েছি। কিন্তু ঘাটে এসে প্রায় দুই ঘণ্টার মতো ফেরির অপেক্ষায় আছি।’

ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীতে তীব্র স্রোত। ফলে দৌলতদিয়া ঘাটে ফেরি ভিড়তে সময় বেশি লাগছে। দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাওয়ার সময় স্রোত কমবেশি অনুকূলে থাকছে। ফলে ফেরি পৌঁছে যাচ্ছে ২০-২৫ মিনিটেই। কিন্তু পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় আসার সময় বিপত্তি বাঁধছে। তীব্র স্রোতের বিপরীতে চলতে গিয়ে সময় বেশি লাগছে। আবার স্রোতের কারণে ঘাটে ভিড়তে গিয়েও বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে ৪৫ থেকে ৫৫ মিনিট পর্যন্ত লেগে যাচ্ছে। বিশেষ করে এই নৌপথের অধিকাংশ ফেরির বয়স অনেক বেশি। ফলে ইঞ্জিনের শক্তি কম। এ কারণে সমস্যা বাড়ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, এই নৌপথের ১৮টি ফেরির মধ্যে ৬টি ইউটিলিটি ফেরি অপেক্ষাকৃত নতুন। এর বাইরে অধিকাংশ ফেরির বয়স অনেক বেশি। এসব ফেরির ইঞ্জিনগুলো অনেক দুর্বল। স্রোতের বিপরীতে চলতে মাঝেমধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ১৮টির মধ্যে ৪টি ফেরি বিকল হয়ে পড়েছে। যান্ত্রিক ত্রুটি সারতে সেগুলো পাটুরিয়ায় ভাসমান কারখানায় রাখা হয়েছে। ফেরিস্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তা ছাড়া বাংলাবাজার-শিমুলিয়া পথে এখন ফেরি চলাচল বন্ধ। ফলে ওই নৌপথের অধিকাংশ গাড়ি দৌলতদিয়ায় আসছে। এসব কারণে ঘাটে গাড়ির চাপ বেশি।