তীব্র স্রোত ও ফেরিস্বল্পতায় পারাপার ব্যাহত, ভোগান্তি
পদ্মায় পানি বাড়ায় তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া ফেরিঘাট সমস্যা ও ফেরিস্বল্পতায় উভয় ঘাটেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত পাটুরিয়া-উথলী সংযোগ সড়কে দেড় কিলোমিটারজুড়ে শতাধিক যাত্রীবাহী বাস ও শতাধিক পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরির মধ্যে ১৬টি চলছে। তারপরও ফেরিস্বল্পতা রয়েছে এই রুটে। বাকি শাহ আলী ও শাপলা-শালুক নামের দুটি ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে গত বুধবার বিকেল থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় ওই রুটের সব ধরনের যানবাহন নদী পাড়ি দিতে পাটুরিয়া প্রান্তে ভিড় করছে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা গেছে, পাটুরিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএল মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ দুই লাইনের একপাশে যাত্রীবাহী বাস ও অপর পাশে পণ্যবাহী গাড়ি রয়েছে। এ ছাড়া পাটুরিয়া প্রান্তে দুটি ট্রাক টার্মিনালে বিশাল জায়গাজুড়ে কয়েক শ পণ্যবাহী গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যবাহী গাড়িগুলোকে এক থেকে দুই দিন পর্যন্ত ঘাট এলাকায় আটকে থাকতে হচ্ছে। একইভাবে যাত্রীবাহী পরিবহনগুলোকেও ঘণ্টার পর
ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পদ্মা নদীতে দ্রুত পানি বাড়ায় অধিকাংশ ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে পাটুরিয়ার পাঁচটি ঘাটের মধ্যে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করে। পানি বাড়ায় আজ দুপুরে ৩ নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়ক উঁচু করা হয়। এতে এই ঘাটে প্রায় দুই ঘণ্টা যানবাহন পারাপার বন্ধ থাকে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, নদীতে পানি বাড়ায় প্রচণ্ড স্রোতের প্রতিকূলে ফেরিগুলোকে যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০ মিনিট সময় বেশি লাগছে। এ ছাড়া দৌলতদিয়ায় ৫, ৬ ও ৭ নম্বর ঘাট এলাকায় তীব্র স্রোতে ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। এতে ঘাটে ফেরি ভেড়াতে সমস্যা হচ্ছে।
ঢাকা থেকে পরিবার নিয়ে সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে সাতক্ষীরায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (৪৫)। আজ দুপুর ১২টার দিকে পাটুরিয়া ফেরির টিকিট কাউন্টারের কাছে কথা হলে তিনি বলেন, সকাল ১০টায় ঘাটে এসেছেন। দুই ঘণ্টায়ও তাঁদের বাসটি ফেরিতে ওঠতে পারেনি।
যাত্রীদের থেকে পরিবহনশ্রমিকদের ভোগান্তিটা আরও বেশি। পণ্যবাহী গাড়িগুলোকে দুই দিন পর্যন্ত ঘাটে আটকে থাকতে হচ্ছে। এতে তাঁদের অর্থ ও সময় দুটোই অপচয় হচ্ছে।
ঢাকার কেরানীগঞ্জ থেকে বিভিন্ন মুদি পণ্য নিয়ে যশোরে যাচ্ছিলেন ট্রাকচালক আবদুর রশিদ (৪০)। সকালে ২ নম্বর ট্রাক টার্মিনালে কথা হলে তিনি বলেন, গতকাল রাত একটার দিকে ঘাটে আসেন। আজ দুপুরেও ফেরির টিকিট পাননি।
ফরিদপুরগামী অপর এক ট্রাকচালক গোলাম কিবরিয়া (৩৬) বলেন, ‘দুই দিন ধরে ঘাটে আটকা আছি। পকেটের টাকা খরচ করে হোটেলে খাচ্ছি। ঘাটই ঘরবাড়ি!’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব ধরনের যানবাহন পাটুরিয়া প্রান্তে ভিড় করছে। তবে যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে যাত্রীবাহী বাস আগে পার হওয়ার সুযোগ পাচ্ছে।
আরিচা-কাজীরহাটেও ভোগান্তি
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌ রুটেও তীব্র স্রোত ও ফেরিসংকটে পরিবহনশ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
আরিচা ফেরিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নৌ রুটে মাত্র তিনটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। তবে বর্তমানে দুটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কপোতি নামের একটি ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে এটিকে মেরামতে পাঠানো হয়েছে।
আজ দুপুরে সরেজমিনে দেখা গেছে, নদী পার হতে আসা আরিচা ঘাট এলাকায় টার্মিনালে শতাধিক পণ্যবাহী ট্রাক রাখা হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটের পাশে সড়কে দীর্ঘ সারিতে আটকা পড়েছে।
বেলা একটার দিকে আরিচা ঘাট এলাকায় কথা হয় নারায়ণগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, গতকাল রাত থেকে ঘাটে আটকে আছেন। আজ বিকেলেও তিনি ফেরিতে উঠতে পারেননি। তাঁর মতো বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (অপারেশন) আবু আবদুল্লাহ বলেন, যমুনা নদীতে পানি বাড়ায় কাজীরহাট প্রান্তে ঘাট উঁচু করা হচ্ছে। এ কারণে সকাল থেকে এই নৌ রুটে ফেরি বন্ধ রয়েছে।