তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, দৌলতদিয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
পদ্মার তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া নদীভাঙন, ফেরিঘাট সমস্যা ও ফেরি স্বল্পতার কারণে উভয় ঘাটেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে চার কিলোমিটারজুড়ে কয়েক শ গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলছে। তারপরও ফেরি স্বল্পতা রয়েছে এই রুটে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে গতকাল বুধবার বিকেল থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় ওই রুটের সব ধরনের ঢাকামুখী যানবাহন নদী পাড়ি দিতে ভিড় করছে দৌলতদিয়া প্রান্তে।
আজ বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় চার কিলোমিটার লম্বা দুই লাইনে পণ্যবাহী গাড়ি রয়েছে। সেই সঙ্গে আটকা রয়েছে বেশ কিছু যাত্রীবাহী বাস। এ ছাড়া ফেরিঘাটে চাপ দেখে ফেরিঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পেছনে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর এলাকায় আটকা রয়েছে আরও কয়েক শ পণ্যবাহী যান। এখানে অন্তত ১০ ঘণ্টা আটকে থাকার পর ওই সব যান দৌলতদিয়া ফেরিঘাটের দিকে আসছে। দৌলতদিয়া ঘাটের কাছে আসার পর মহাসড়কে আরও অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা করে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে। একইভাবে যাত্রীবাহী পরিবহনগুলোকেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকতে হচ্ছে। ফলে যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা নদীতে দ্রুত পানি বাড়ায় অধিকাংশ ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা ব্যাহত হচ্ছে। পাঁচটি ঘাটের মধ্যে কয়েক দিন দিন ৪ নম্বর ফেরিঘাটের সামনে তীব্র স্রোতের কারণে সহজে ফেরি ভিড়তে পারছে না। বাকি ৫, ৬ ও ৭ নম্বর ঘাটের পন্টুনের র্যামের মাথা তলিয়ে যাওয়ায় ঘাট তিনটি দিয়ে মঙ্গলবার বিকেল থেকে ফেরিতে গাড়ি ওঠানামায় সমস্যা হচ্ছিল। রাতের মধ্যে পানি আরও বাড়ায় ৫ নম্বর ঘাটের র্যামের মাথা তলিয়ে যাওয়ায় সকাল থেকে ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ হয়ে যায়। পরে ঘাট কর্তৃপক্ষ বুধবার সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে ঘাট বন্ধ রেখে তিনটি ঘাট স্থানান্তর করে।
খুলনা থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক আলমগীর হোসেন বলেন, বুধবার বিকেলে রওনা হয়ে রাত ৮টার দিকে গোয়ালন্দ মোড়ে পুলিশ আটকে দেয়। রাতভর মহাসড়কে থাকার পর ভোরে ঘাটের দিকে ছেড়ে দেয়। কিন্তু ঘাটে এসেও ৫ ঘণ্টার বেশি লাইনে আটকা আছেন। তাঁর গাড়ির আগে আরও অর্ধশত গাড়ি রয়েছে। ফেরিতে উঠতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার বলেন, পদ্মায় পানি বাড়ার সঙ্গে ভাঙন বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার অধিকাংশ ঘাট ভাঙন ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া স্রোতে ফেরিগুলো চলাচলেও অনেক বেগ পোহাতে হচ্ছে। আগের থেকে দ্বিগুণ সময় নিয়েও মাঝেমধ্যে ফেরি ঠিকমতো ঘাটে ভিড়তে পারছে না। তীব্র স্রোত থাকায় এক সপ্তাহ ধরে ৪ নম্বর ঘাটে ফেরি ভিড়তে অনেক বেগ পোহাতে হচ্ছে।