তীব্র স্রোতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক আছে।
আজ দুপুরে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় বাংলাবাজার ঘাটে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছেন। বাংলাবাজার ঘাটে দীর্ঘ সময় অপেক্ষার পর তাঁরা বিকল্প নৌপথ হিসেবে মাঝিকান্দি ও দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার শুরু করেছেন।
বিআইডব্লিউটিসি ও বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে পদ্মায় পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এ কারণে পদ্মার বিভিন্ন পয়েন্টে তীব্র স্রোত দেখা যাচ্ছে। স্রোতের বিপরীতে বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী ফেরিগুলো চলতে গিয়ে বাধার মুখে পড়ছে। এ কারণে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিটিসির এক কর্মকর্তা বলেন, সকাল নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কুঞ্জলতা ও রোকেয়া নামে দুটি ফেরি আসে। ফেরি দুটি আবার লোড নিয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশে ছাড়া হয়। ফেরি দুটি শিমুলিয়া ঘাটে পৌঁছাতে গিয়ে তীব্র স্রোতের মুখে পড়ে। এরপর ওপার থেকে আর কোনো ফেরি আসেনি।
খুলনা থেকে আসা মাইক্রোবাসচালক সিরাজুল ইসলাম বলেন, ‘সকালে বাড়ি থেকে ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। দুই ঘণ্টা বসে থেকেও ফেরি পাইনি। পাশের মাঝিকান্দি ঘাটেও তীব্র যানজট। তাই উল্টা ঘুরে দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকায় যাচ্ছি।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, পদ্মা সেতুর নিরাপত্তা ও নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে মাঝিকান্দি-শিমুলিয়া ঘাটে ৬টি ফেরি চালু আছে। সংকটকালে সবাইকে বিকল্প নৌপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।