তীব্র স্রোতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে বন্ধ হলো ফেরি চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে হঠাৎ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েন ঢাকাগামী অ্যাম্বুলেন্সের এই রোগী ও তাঁর স্বজনেরা। বুধবার দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে
প্রথম আলো

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে তীব্র স্রোত ও পদ্মার পানি বৃদ্ধির কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুর আড়াইটা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে। বেলা সাড়ে তিনটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই নৌপথে আসা যাত্রী ও যানবাহনের চালকেরা। অনেকে ঘাটে এসে ফেরি পারাপার না হতে পেরে ফিরে যাচ্ছেন। আবার অনেকেই উল্টো পথ ঘুরে যাচ্ছেন গন্তব্যে।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, নদীতে তীব্র স্রোত ও অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার থেকে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। শুক্রবার সন্ধ্যা থেকে সারা রাত ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। ফলে গত পাঁচ দিন সন্ধ্যা পৌনে ছয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকালে পদ্মার পানি আরও বৃদ্ধি পেলে উভয় ঘাটের পন্টুন পানিতে তলিয়ে যায়। নৌ চ্যানেলগুলোয় দেখা দেয় তীব্র স্রোত। স্রোতের বিপরীতে ফেরি চলাচল করলে পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা লাগা বা নৌপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বুধবার বেলা আড়াইটা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হবে।

আজ বুধবার দুপুর আড়াইটা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন ঘাটে আসা যাত্রী ও যানচালকেরা।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে আপাতত কোনো ফেরি ঘাট থেকে ছাড়া হবে না। গত চার–পাঁচ দিন খুব কষ্টে ঝুঁকি নিয়ে আমরা ছোট পাঁচটি ফেরি চালু রেখেছিলাম। তা–ও দিনে চলেছে, সন্ধ্যার পরে স্রোত বাড়ার কারণে ও ঝুঁকি এড়াতে গত পাঁচ দিন সন্ধ্যার পরে একটি ফেরিও ছাড়া হয়নি।’ তিনি আরও বলেন, গত কয়েক দিন স্রোতের সঙ্গে পদ্মায় অনেক বেশি পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে মঙ্গলবার প্রতিটি পন্টুনে পানি উঠে যায়। এতে যানবাহন ফেরিতে উঠতে নানা সমস্যায় পড়ে। এর চেয়ে বড় সমস্যা নৌ চ্যানেলে তীব্র স্রোত। এই স্রোতের বিপরীতে আর ফেরি চলানো সম্ভব নয়। স্রোত কিছুটা কমলে ফেরি চলাচল আবার শুরু হবে।

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি
ফাইল ছবি

এদিকে হঠাৎ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় উভয় ঘাটে পারাপারের জন্য আটকা পড়ে তিন শতাধিক গাড়ি। পরে ঘাট কর্তৃপক্ষের অনুরোধে দুর্ভোগ মাথায় নিয়েই আটকা পড়া গাড়িগুলো ফিরে যায় বিকল্প (দৌলতদিয়া-পাটুরিয়া) নৌপথে।

জানতে চাইলে বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জামালউদ্দিন বলেন, পদ্মার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ঘাটের পন্টুন থেকে শুরু করে অনেক স্থানেই পদ্মার পানি ঢুকে পড়েছে। এ ছাড়া পানি বাড়ায় বৃদ্ধি পেয়েছে স্রোত। তাই ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল আপাতত বন্ধ রেখেছে। কবে কখন চালু হবে, তা বলা যাচ্ছে না। তবে স্রোত ও পানি কমলে ফেরি চলাচল শুরু হবে। তিনি আরও বলেন, ‘হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বিকল্প নৌপথ ঘুরে যেতে সেগুলোর দুর্ভোগ হলেও এখানে আমাদের পক্ষ থেকে বিকল্প কিছু করার উপায় নেই।’

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী প্রথম আলোকে বলেন, পদ্মায় প্রতি ঘণ্টায় ৯ দশমিক ৬ কিলোমিটার পানির গতিবেগ। এ কারণে পদ্মায় তীব্র স্রোত বেড়েছে। এত স্রোতে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হওয়ায় ফেরি চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় মাওয়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আগামীকাল আরও ১১ সেন্টিমিটার বাড়বে। ২৩ তারিখ পর্যন্ত পদ্মায় বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা বাড়বে। পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতাও বাড়বে। এখন পদ্মায় যে পরিমাণ স্রোত, যা চলতি বছরে সর্বোচ্চ রেকর্ড।