তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সৌরভ খান সোহাগ (২৫)। আজ মঙ্গলবার দুপুরে নগরের চকবাজার থানার বাকলিয়া ডিসি রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সৌরভ পেশায় ওয়াইফাই কেব্ল অপারেটর ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির বাবা হারুনুর রশীদ প্রথম আলোকে জানান, কোরবানির পশুর চামড়া কিনতে না পেরে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। আসামিদের শাস্তি চান তিনি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনায় খুনের ঘটনা ঘটেছে। নিহত সৌরভ তাঁর কোরবানির পশুর চামড়া স্থানীয় একটি মাদ্রাসায় দিয়ে দেন। চামড়াটি কিনতে চেয়েছিলেন প্রতিবেশী শফিক। বিষয়টি নিয়ে আজ দুপুরে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শফিকের ছেলে শাকিব এসে তাঁকে ছুরিকাঘাত করেন। এরপর আহত অবস্থায় সৌরভকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি ফেরদৌস জাহান আরও জানান, ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে আসামি শফিক ও তাঁর ছেলে শাকিবকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।