তুরাগ নদে এবার সিমেন্টবোঝাই বাল্কহেডডুবি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাডুবি
প্রতীকী ছবি

ঢাকার গাবতলীর তুরাগ নদে নৌকাডুবির ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সিমেন্টবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে আজ রোববার বিকেলের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই মক্কা মদিনা ও এমভি রুমানা রৌশন নামের দুটি বাল্কহেডের দুজনকে আটক করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরে বাল্কহেড দুটিসহ তাঁদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটার দিকে সাভারের আমিনবাজার ও রাজধানীর গাবতলীসংলগ্ন তুরাগ নদের দ্বীপনগর পাড়ের কাছাকাছি সিমেন্টবোঝাই বাল্কহেড মীম জান্নাতুল ভেড়ানো ছিল। আশুলিয়ার দিক থেকে মক্কা মদিনা নামের একটি খালি বাল্কহেড গাবতলীর দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা বালুবোঝাই এমভি রুমানা রৌশন বাল্কহেডটির সঙ্গে এটির ধাক্কা লাগে। ধাক্কায় এমভি রুমানা রৌশন বাল্কহেডটি পাড়ে ভেড়ানো সিমেন্টভর্তি মীম জান্নাতুল বাল্কহেডের ওপর উঠে যায়। এতে সিমেন্টভর্তি বাল্কহেডটি নদে ডুবে যায়।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় দুটি বাল্কহেডসহ দুজনকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নৌ পুলিশ। তবে তাঁদের নিবন্ধিত কাগজপত্রসহ কোনো অবহেলা থাকলে তাঁদের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করবে বিআইডব্লিউটিএ। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

এর আগে একই এলাকায় গতকাল শনিবার ভোরে বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়। এ সময় ৭ জন নিখোঁজ হলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। মা-মেয়ে দুজন এখনো নিখোঁজ।