তুরাগের ২৫ বিঘা জায়গা দখল করে আবাসন প্রকল্প!
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে তুরাগ নদের ও পাড়ের প্রায় ২৫ বিঘা জায়গা দখল করে আবাসন প্রকল্প হচ্ছে। বালু দিয়ে তা ভরাট করে গড়ে তোলা হয়েছে পাকা সীমানাপ্রাচীর। বানানো হয়েছে রাস্তা, তৈরি হয়েছে কিছুসংখ্যক প্লটও। এতে বাধাগ্রস্ত হচ্ছে নদের গতিপথ।
নদী বা তীরভূমি ভরাটের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ দখলের মাধ্যমে এই আবাসন প্রকল্প করছে আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্ট লি.। এতে নদের সীমানা নির্ধারণী ১১টি খুঁটির অস্তিত্ব ভরাটের সঙ্গে মিশে গেছে। দখলদারদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ মামলা করলেও দখল বন্ধ হয়নি।
গত শুক্রবার এলাকায় গেলে কাটাসুর এলাকার কয়েকজন দোকানি ও বাসিন্দা জানান, নদের পাড়ে প্লট তৈরি করে তা চড়া দামে বিক্রি হচ্ছে। আবাসন কোম্পানিটির ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথমে ক্রেতা ভেবে এই প্রতিবেদককে বলেন, তিন, পাঁচ, দশ কাঠার প্লট বিক্রি হচ্ছে। চাইলে এক বিঘার প্লটও দেওয়া যাবে। ইতিপূর্বে আত্মীয়স্বজন এবং পরিচিতদের কাছে কাঠাপ্রতি প্রায় ১৮ লাখ টাকায় কিছু প্লট বিক্রি করা হয়েছে। এখন বাড়তি দামে বিক্রি হবে। তিনি বলেন, তাঁদের প্রকল্পের অবস্থা খুই ভালো। পরে সাংবাদিক পরিচয় দিলে বলেন, আপাতত প্লট বিক্রি বন্ধ আছে।
মামলা হলেও দখল বন্ধ নেই:
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে এলাকা পরিদর্শন করে পরে ২১ জুন থানায় মামলা করা হয়। আসামি করা হয় আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্ট লিমিটেডের তিন পরিচালক আবদুল মোমিন মিয়া, আবদুল আমিন মিয়া ও তোবারক হোসেনকে।
জেলা প্রশাসন সূত্র জানায়, দখল করা জায়গাটি কাটাসুর মৌজার সিএস ৮৯১ ও ৮৯২ দাগ এলাকার। সাইফুল ইসলাম জানান, তাঁরা নিশ্চিত হয়েছেন, এখানে নদ ও তীরভূমির প্রায় ২৫ বিঘা জায়গা দখল করা হয়েছে।
আবাসন কোম্পানিটির ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কাঠার দাম প্রায় ১৮ লাখ হলে প্রতি বিঘার দাম তিন কোটি ৬০ লাখ টাকা। আর ২৫ বিঘার দাম প্রায় ৯০ কোটি টাকা। তবে একাধিক আবাসন কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মোহাম্মদপুর বাঁধের কাছে প্রতি কাঠা ৫০ লাখ টাকা করে জমি কিনেছেন।
দখল এলাকা: মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সেতুর (বছিলা সেতু) প্রায় ৩০০ মিটার উত্তরে নদের এই জায়গায় প্রায় তিন মাস ধরে এই দখলযজ্ঞ চলে অত্যন্ত নির্বিঘ্নে। কয়েকজন এলাকাবাসী জানান, ভরাটের সময় নদে একই সঙ্গে বেশ কয়েকটি বালুবাহী নৌযান (বাল্কহেড) থাকত। এ সময়ে ড্রেজার ও মোটা পাইপের সাহায্যে রাতদিন বালু ভরাটের কাজ হয়। এলাকাবাসী ভাবতেন, সরকারি কোনো কাজ।
এই দখল করা জায়গা থেকে কিছুটা দূরে বছিলা গার্ডেন, গার্ডেন সিটিসহ আরও কয়েকটি আবাসন প্রকল্প গড়ে উঠছে। একটি কোম্পানির মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গে শুরু থেকে যুক্ত কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এই নদ থেকে দূরে সামান্য কিছু পৈতৃক জমি ছিল আমিন-মোমিন ডেভেলপমেন্ট কোম্পানির মালিকদের। সেই জায়গার সঙ্গে নদের জায়গা ভরাট করে যোগ করা হয়েছে।
কাটাসুর এলাকার লেপ-তোশকের ব্যবসায়ী মুলকেতুর রহমান বলেন, কাজ করার সময় তাঁদের বলা হয়েছে, আবাসন প্রকল্পের জন্য সরকারের অনুমোদন নিয়ে এখানে ভরাটকাজ হচ্ছে। আরেকজন বাসিন্দা রবিউল আলম বলেন, দুই বছর আগে সরকারিভাবে নদে সীমানা খুঁটি দেওয়া হয়েছিল। বালু আর মাটি দিয়ে সেগুলো ঢেকে দেওয়ার পর তাঁরা এ নিয়ে প্রশ্ন করেও জবাব পাননি। ভরাটকাজে নিযুক্ত লোক তাঁদের বলতেন, এখানে সস্তায় প্লট পাওয়া যাবে। ক্রেতা জোগাড় করে দিলে কমিশন দেওয়া হবে।
ভরাট স্থান ঘুরে কখনো সেখানে সীমানা খুঁটি ছিল, তা-ই বোঝা যায়নি। খুঁটিগুলোর পাশ দিয়ে নদের ভেতরে ২০ ফুট চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। নদের পাড় ছাড়াও ইটের প্রায় ৩০ ফুট চওড়া রাস্তা করা হয়েছে প্রকল্পের মাঝখানে। রাস্তার দুই পাশে পাকা সীমানায় প্লট ভাগ করা। উত্তর প্রান্তে একটি একতলা পাকা স্থাপনায় প্রকল্প কার্যালয় করা হয়েছে। ওই কার্যালয় তালাবদ্ধ ছিল। তবে কিছুটা দূরে একটি টিনের ঘর দেখা যায়, যেখানে নির্মাতাপ্রতিষ্ঠানের চৌকিদার থাকেন।
ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, পরিচালক তোবারক হোসেন মাঝে মাঝে আসেন। তাঁর মোবাইল নম্বর চাইলে ব্যবস্থাপক বলেন, তিনি অপরিচিত নম্বর ধরেন না। তিনি দাবি করেন, প্রকল্পের জমি কিছুতেই নদের জমি নয়। পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া জমি। তাহলে থানায় মামলা হলো কেন এবং সীমানা খুঁটিগুলো ভরাট করে ঢেকে দেওয়া হলো কেন —এমন প্রশ্নে ব্যবস্থাপক বলেন, সীমানা খুঁটি ভুল করে তাঁদের জায়গার মধ্যেই দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ ছাড়াও অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০০৫) এবং জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর আওতায় এই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
দখলদারদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. শিহাব উদ্দিন বলেন, তদন্তের কাজ চলছে, একটু সময় লাগতে পারে।