লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আজ সোমবার দুপুরে ইউপি কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী রাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোফাজ্জল হোসেনকে তৃণমূল আওয়ামী লীগের এমনকি ইউনিয়ন আওয়ামী লীগের মতামত উপেক্ষা করে দলীয় একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম প্রেরণ করা হয়েছে। তাঁদের দাবি, রাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুধীর চন্দ্র মোহন্তের ছেলে বিশ্বজিৎ মোহন্তকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হোক।
এ সময় বক্তব্য দেন রাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ সুধাংশুরঞ্জন মোহন্ত, ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি সুধারঞ্জন রায়, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাহ জাহান আলী, স্থানীয় বাসিন্দা আবুল হোসেন মুন্সি ও মো. মানিক মিয়া।
মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল ইউপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের মোড় ও সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এদিকে গত শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক দয়াল চন্দ্র রায় এ–সংক্রান্ত একটি লিখিত আবেদন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাসিনা বরাবর পাঠিয়েছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, রাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচন ও জেলা থেকে প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ করে তৃণমূলের সমর্থন ও পছন্দকে অবজ্ঞা করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী, হত্যা মামলার আসামি, জনবিচ্ছিন্ন ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। তাঁর নাম একক প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠানোর মাধ্যমে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতায় এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় রাজনৈতিক কারণে তাঁকে আসামি করা হয়। পুলিশ তদন্ত করে মামলার অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দিয়েছে। অন্যান্য অভিযোগ সত্যি নয় বলে দাবি করেন তিনি।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, মোফাজ্জল হোসেন বর্তমানে রাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি নৌকার প্রার্থী হিসেবে একবার জিতেছেন, আবারও জেতার সম্ভাবনা আছে। দল করেন, তাই তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আর কিছু বলতে রাজি হননি।
আগামী ২ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।