তৃতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪২৫ জনের দেহে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরুর পর এটিই বিভাগে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত এক দিনে বিভাগের ছয় জেলায় ১ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার হয়েছে ৪২ দশমিক ৪৬ শতাংশ। তবে এদিন বিভাগে করোনায় কেউ মারা যাননি। আজ সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
গতকাল রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৮৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৭৫ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় ১৫১ জন, পটুয়াখালীতে ৬১, ভোলায় ৬৮, ঝালকাঠিতে ৫২, বরগুনায় ৩৬ ও পিরোজপুরে ৫৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৬৭০ জনে। এ ছাড়া গত ১ জানুয়ারি বিভাগে করোনার তৃতীয় ঢেউ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে বিভাগে করোনায় মারা গেছেন ৬৮২ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের প্রথম মাসে বরিশাল বিভাগে ৩ হাজার ৩১৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল জেলায় ১ হাজার ৩৪৮ জন। এ ছাড়া পিরোজপুরে ৫৮৩ জন, ভোলায় ৪৬, পটুয়াখালীতে ৩৮০, ঝালকাঠিতে ৩৪৫ জন এবং বরগুনায় ৩১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেখা যায়, করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত বিভাগে রোগী শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৬৭০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, সংক্রমণ এখন সংখ্যা দিয়ে পরিমাপ করার মতো অবস্থায় নেই। কারণ, ঘরে ঘরে এটা জ্বর এবং ঠাণ্ডাজনিত রোগের মতো ছড়িয়ে পড়েছে। হয়তো অনেকেই নমুনা পরীক্ষা করাচ্ছেন না, তাই শনাক্ত হচ্ছে না। তবে পরিবারের বয়স্ক লোকদের জন্য এই মুহূর্তে আলাদাভাবে যত্নশীল হওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিধি মানা ছাড়া সংক্রমণ প্রতিরোধের আর কোনো বিকল্প নেই।