তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনালে অলসভাবে দাঁড়িয়ে আছে বাসগুলো। ২৫ ডিসেম্বর
প্রথম আলো

শেরপুরে শ্রমিকদের হাতে ময়মনসিংহের মালিকের বাস আটকের ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার তৃতীয় দিনের মতো শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গত বুধবার থেকে শেরপুর-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে।

এদিকে যাত্রী দুর্ভোগ লাঘবে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন জনউদ্যোগ।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শেরপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী সোনার ৭১ বাংলা সার্ভিসের একটি বাস শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনাল থেকে যাত্রী তোলে বাসটি। এতে নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক ওই বাসের চালক ও চালকের সহকারীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে হাতাহাতি করেন। সোনার বাংলা সার্ভিসের ওই বাসের মালিক ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলম। ঘটনাটি ময়মনসিংহের বাসমালিক ও শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেন। পরবর্তী সময়ে গত বুধবার ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের একটি বাস ঢাকা থেকে শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় এলে কয়েকজন শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি বাসটি আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে যান। এ সময় তাঁরা ওই বাসের শ্রমিকদের লাঞ্ছিত করেন।

এ ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে বুধবার বিকেল থেকে শেরপুর–ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ছানুয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় প্রথম আলোকে বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁরা ময়মনসিংহ ও গাজীপুরের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। নবীনগর এলাকার শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

শেরপুরের নাগরিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, শেরপুর জেলা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বাস। তাই বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। যাত্রীরা এখন অতিরিক্ত ভাড়া দিয়ে ও জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশায় ময়মনসিংহ হয়ে ঢাকা যাচ্ছে। তিনি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য পরিবহন–সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে স্থায়ীভাবে এ দুর্ভোগ লাঘবে অবিলম্বে শেরপুরে রেলপথ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।