তৃতীয়বারের মতো পেছাল ব্লগার অনন্ত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার অনন্ত বিজয় দাশ
ফাইল ছবি

টানা তৃতীয়বারের মতো পিছিয়েছে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আজ সোমবার আদালতে সাক্ষীরা হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যায়। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ বিচারক পরে ধার্য করবেন। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল আমিন বিপ্লবের আদালতে এ বিচার চলমান।

বাদীপক্ষের আইনজীবী প্যানেলের সদস্য মোহাম্মদ মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী ও সিআইডির আইটি ফরেনসিক বিভাগের উপপরিদর্শক মাসুদ সিদ্দিকীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ আবার পেছাল। এর আগে ৮ নভেম্বর ও ২৬ অক্টোবর এই দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু তাঁরা হাজির হননি।

মোহাম্মদ মনির উদ্দিন বলেন, হত্যা মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। ২৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় ৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এরপর আদালত সাক্ষীদের আজ সাক্ষ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সাক্ষীরা আজকেও হাজির হননি। অথচ সাক্ষীদের আদালতে হাজির করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের অবহেলার কারণেই সাক্ষ্য গ্রহণ বিলম্বিত হচ্ছে।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার সামনে খুন হন অনন্ত বিজয় দাশ (৩২)। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামের বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করেছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলাটি পুলিশ থেকে সিআইডিতে স্থানান্তরিত হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন। এতে সন্দেহভাজন আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) এবং সিলেট নগরের রিকাবীবাজার এলাকার সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।

অভিযুক্ত আসামিদের মধ্যে ফারাবী বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। অভিযুক্ত মান্নান রাহী আদালতে অনন্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০১৭ সালের ২ নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিদের মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক।