তেঁতুলিয়ায় কম্প্রেসরের সিলিন্ডার বিস্ফোরণে পরিবহনশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে
ছবি: রাজিউর রহমান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কম্প্রেসর যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবহনশ্রমিক (ট্রাকচালকের সহকারী) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভজনপুর বাজারের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন (২৮) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জাবুরীদুয়ার এলাকার তহিদুল ইসলামের ছেলে।

আহত দুজন হলেন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার রবিউল ইসলাম (৩০) ও পঞ্চগড় পৌরসভার নিমনগর এলাকার কিশোর নাজমুল ইসলাম (১৬)। তাঁদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আল মামুন পাথর পরিবহনের জন্য পঞ্চগড় থেকে খালি ট্রাক নিয়ে বাংলাবান্ধার উদ্দেশে রওনা হন। এ সময় ট্রাকের চাকায় হাওয়া কম থাকায় ভজনপুর বাজারের রবিউল ইসলামের মোটর মেকানিক ওয়ার্কশপে গাড়ি থামান। সেখানে ট্রাকের চাকায় হাওয়া দেওয়া শেষ হলে দোকানমালিককে টাকা দিচ্ছিলেন মামুন। পাশেই দোকানের কর্মচারী মেকানিক নাজমুল ইসলাম কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে কম্প্রেসর যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আল মামুন, ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম, কর্মচারী নাজমুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত তিনজনকেই গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল ইসলাম ও রবিউল ইসলামের অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভজনপুর বাজার এলাকার বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘দোকানটি থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় ২০০ গজ। বিস্ফোরণের শব্দ আমরা বাড়ি থেকে শুনেছি। সিলিন্ডারের টুকরো অংশগুলো আমাদের বাড়ির পাশে এসে পড়েছিল।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) আমির হোসেন বলেন, আল মামুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।। তাঁর শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত ছিল। এ ছাড়া আহত নাজমুলের মাথায় আঘাত লেগেছে। রবিউলের বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙে ও ডান পায়ের মাংস ছিঁড়ে গেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কোনো অবহেলা বা যন্ত্রের ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।