তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা এক অঙ্কে নেমে এসেছে। শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে এই জনপদের মানুষ। তবে শুক্রবার কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সকালে সূর্যের দেখা মিলেছে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া গত বুধবার সকাল ৯টায় ১২ দশমিক ৪ ও মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কুয়াশার পরিমাণ কমে গিয়ে উত্তরের হিমেল হাওয়া প্রবাহের পরিমাণ বেড়ে যায়। ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়া মানুষ গরম কাপড়ের পাশাপাশি অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শুক্রবার সকালে মিষ্টি রোদের দেখা যাওয়ায় অনেকেই শিশুদের নিয়ে রোদে বসে উষ্ণতা নেওয়ার চেষ্টা করেন।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার কৃষক আজগর আলী বলেন, কয়েক দিন ধরে কুয়াশার কারণে বেশি দূরের কিছু দেখা যাচ্ছিল না। এত ঠান্ডাও লাগেনি। বৃহস্পতিবার রাত থেকে ঠান্ডায় হাত-পা শিক লাগছে (জড়ো হয়ে আসছে)। কোনো কাজ করা যায় না।
সাইবেরিয়া থেকে আসা হিমেল বাতাস হিমালয়ে ধাক্কা খেয়ে সরাসরি এই এলাকায় আসছে। আগামী এক সপ্তাহ এই এলাকায় এমন আবহাওয়া থাকতে পারে।
আকাশে মেঘ ও কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিম বায়ুর কারণে তাপমাত্রা কমে শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, দেশে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে অতি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, সাইবেরিয়া থেকে আসা হিমেল বাতাস হিমালয়ে ধাক্কা খেয়ে সরাসরি এই এলাকায় আসছে। এতে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী এক সপ্তাহ এই এলাকায় এমন আবহাওয়া থাকতে পারে বলে জানান তিনি।