তেঁতুলিয়ায় বিদ্যুতের তার নিয়ে ঝগড়া–মারধরে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎ–সংযোগের তার সরানোকে কেন্দ্র করে মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা-বাঁশবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. খলিল (৫০)। তিনি ভ্যানচালক ছিলেন। তিনি ওই এলাকার মৃত নছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক খলিলের বাড়ির ওপর দিয়ে নিজেদের বাড়িতে বিদ্যুৎ–সংযোগের তার নিয়েছেন প্রতিবেশী সোলায়মান আলী, আবু বক্কর ও তাঁর ভাই এনামুল হক। আজ বিকেলে খলিল তাঁর ঘর মেরামত করবেন বলে তাঁদের বিদ্যুতের তার একটু সরিয়ে নিতে বলেন। তার সরাতে প্রতিবেশীরা অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খলিলের সঙ্গে সোলায়মান, আবু বক্কর ও এনামুলের হাতাহাতি–মারামারি শুরু হয়। তিনজন মিলে খলিলকে বেধড়ক মারধর করেন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন খলিল।

পরে স্থানীয় লোকজন খলিলকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা–পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করে।

ঘটনার পর থেকেই সোলায়মান আলী, আবু বক্কর ও এনামুল হক পলাতক রয়েছেন।

নিহত খলিলের ভাই শাহজাহান আলী বলেন, ‘আমার ভাই তাঁর বাড়ির সঙ্গে থাকা বাঁশবাগান থেকে বাঁশ কেটে ঘর মেরামত করার জন্য ওই তিনজনকে বিদ্যুতের তারটি একটু সরিয়ে নিতে বলছিলেন। এই সামান্য বিষয় নিয়েই তাঁরা আমার ভাইকে মারধর করে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এ ঘটনায় আমরা মামলা করব।’

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পলাশ চন্দ্র সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ওই ব্যক্তির লাশের প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভারী কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সোলায়মান আলী, আবু বক্কর ও এনামুল হক পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।