তেঁতুলিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ইমামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেলের তিন আরোহী। গতকাল বুধবার রাত পৌনে ১১টায় তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান তেঁতুলিয়ার উপজেলার চুটচুটিয়াগছ এলাকার আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় সিপাইপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। আহত ব্যক্তিরা হলেন তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে নওশাদ (৩০) ও সজীব (১৪) এবং একই উপজেলার গোয়ালগছ এলাকার রফিকুল ইসলামের ছেলে আবু সাঈদ (২০)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতে আনিছুর রহমান তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের গোয়ালগছ এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর (আনিছুরের) মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যান। এ সময় অপর মোটরসাইকেলে থাকা নওশাদ, সজীব ও আবু সাঈদ গুরুতর আহত হন। ঘটনার সময় মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে নওশাদের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, গতকাল রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।