তেঁতুলিয়ায় সড়কে গম মাড়াইযন্ত্র উল্টে তরুণের মৃত্যু, আহত ৩
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গম মাড়াইযন্ত্র উল্টে আদর হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই মাড়াইযন্ত্রের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় গোয়ালগছ-সিপাইপাড়া সড়কে সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আদর হোসেন গোয়ালগছ এলাকার আজিজুল হকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন গম মাড়াইযন্ত্রের মালিক ও চালক আবদুল মালেক (৪১), পায়েল হোসেন (১৭) ও মো. হাসান (২০)। আহতরাও একই এলাকার বাসিন্দা।
রাস্তায় একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে মাড়াইযন্ত্রটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা বলেন, আবদুল মালেক নতুন কেনা গম মাড়াইযন্ত্রটি চালু করার আগে মেরামতের জন্য বাড়ি থেকে সিপাইপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় যন্ত্রটির ওপরে চালক মালেক ছাড়াও আরও তিনজন বসে ছিলেন। বাজারের কাছাকাছি গিয়ে একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে মাড়াইযন্ত্রটি উল্টে যায়। এতে মাড়াইযন্ত্রের নিচে চাপা পড়েন আদরসহ চারজন। এ সময় যন্ত্রটির হ্যান্ডেল ভেঙে আদরের পিঠে ঢুকে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চারজনকেই উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদর হোসেনকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত তিনজনের মধ্যে আবদুল মালেকের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত পায়েল ও হাসান তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।