তেল অপসারণে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দর থেকে পশুর নদ দিয়ে দুই কিলোমিটার যেতেই কালো থকথকে তেলের আস্তরণ ভেসে আসতে দেখা গেল। নাকে লাগল ফার্নেস তেলের ঝাঁজালো গন্ধ। বনের ভেতরে ঢুকে পড়া খালগুলোতে তেল জমে রীতিমতো আলকাতরার রূপ নিয়েছে।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা আমির হুসাইন চৌধুরী জানিয়েছেন, সুন্দরবনের শ্যালা নদীতে ছড়িয়ে পড়া তেল প্রতিদিন নতুন করে ১০-১৫ কিলোমিটার এলাকায় ছড়াচ্ছে।
সুন্দরবনের ইতিহাসে সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয়ের এ ঘটনার মধ্যেও গতকাল পশুর ও শ্যালা নদী দিয়ে ১০ থেকে ১৫টি জাহাজ চলাচল করতে দেখা গেছে।
ডুবে যাওয়া তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেন মালিকের উদ্যোগে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চার দিনে ১২টি জোয়ার-ভাটায় তেল ছড়িয়ে পড়ার এলাকা বাড়লেও এখনো তেল অপসারণে কোনো উদ্যোগ শুরু হয়নি।
তবে স্থানীয় লোকজন নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় তেল অপসারণ শুরু করেছেন। নৌকায় করে নদী থেকে খালি হাতে তেল তুলে তাঁরা গ্রামের মধ্যে কুয়া বানিয়ে রাখছেন। চাঁদপাই ও জয়মনি এলাকায় গিয়ে স্থানীয় উদ্যোগে তেল অপসারণের এ দৃশ্য দেখা গেছে।
জয়মনিঘোল গ্রামের বাওয়ালি রাজ্জাককে তেল অপসারণের জন্য কাজ করতে দেখা গেল। এ কাজ কেন করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘বন আর এই নদী আমাদের রুটি-রুজির জোগান দেয়। বন থেকে মধু আর গোলপাতা এবং নদী থেকে মাছ তুলে বেচেই আমাদের সংসার চলে। এই সুন্দরবন তেলের কারণে নষ্ট হয়ে গেলে আমরা খাব কী? এই বন ধ্বংস হলি ঝড়-বাদলেও মারা পড়ব। তাই গায়ে এই বিষাক্ত তেল মেখেই নদীরে বিষমুক্ত করতাছি।’
গতকাল বৃহস্পতিবার মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার ও তেল অপসারণ বিষয়ে একটি সভা হয়। সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ছড়িয়ে পড়া তেল অপসারণে সরকারি উদ্যোগ হিসেবে সুন্দরবনের পাশের এলাকার লোকজনকে স্পঞ্জ দিয়ে তেল তোলার জন্য নির্দেশ দেওয়া হয়।
তবে স্থানীয় পর্যায়ে কোনো তেল তোলার স্পঞ্জ সরবরাহ না করায় শিশু-কিশোরদের নদীতে নেমে তেল মেখে তা পাড়ে এসে গর্তের মধ্যে জমা রাখতে দেখা গেছে। অনেককে নৌকা নিয়ে নদী থেকে বালতি ও হাতে করে তেল তুলে আনতে দেখা গেছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হাবিবুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, পদ্মা অয়েল কোম্পানি থেকে ওই তেল প্রতি লিটার ৩০ টাকা করে কেনার ঘোষণা দেওয়া হয়েছে। ডুবে যাওয়া জাহাজটিতে প্রায় সোয়া লাখ লিটার তেল অবশিষ্ট অবস্থায় রয়ে গেছে দাবি করে তিনি বলেছেন, এ তেলও যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য তা পদ্মা অয়েল থেকে কিনে নেওয়া হবে।
এ জন্য পদ্মা অয়েল কোম্পানি থেকে নিয়োগ দেওয়া ঠিকাদারেরা চাঁদপাই এলাকার জয়মনি লঞ্চঘাট, সাইলোঘাট ও হারবাড়িয়া এলাকা থেকে তেল কেনার ঘোষণা দিয়ে মাইকিং শুরু করেছেন। তবে জয়মনিরঘোল গ্রামে গিয়ে দেখা গেছে, অপসারিত তেল ড্রামে ভরে পদ্মা অয়েলের স্থানীয় এজেন্ট বাবুল প্রতি লিটার ২০ টাকা করে কিনছেন।
ডুবে যাওয়া জাহাজটি পরিদর্শনে যান প্রধান সংরক্ষক ইউনুস আলী, মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. শামসুদ্দোহা খন্দকার ও নৌবাহিনীর একটি প্রতিনিধিদল।
চাঁদপাই এলাকায় ঘটনাস্থল পরিদর্শনের সময় কথা হয় মংলা বন্দরের চেয়ারম্যানের সঙ্গে। তিনি জানান, গতকালই নৌবাহিনীর জাহাজ কান্ডারি-১০ মংলায় পৌঁছেছে। তবে এটি আজ থেকে কাজ শুরু করবে।
নিষিদ্ধ করার পরও শ্যালা নদী দিয়ে জাহাজ চলছে কেন জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, আজ মাত্র ঘোষণা দেওয়া হয়েছে। খবর পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তবে অন্যদিন যেখানে দিনে ১৫০ থেকে ২০০ জাহাজ চলত, সেখানে আজ ১০ থেকে ১৫টি জাহাজ চলেছে। এটাও একটি ইতিবাচক দিক।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘তেল অপসারণ হওয়ার আগ পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ রাখতে বলেছি। তেল অপসারণ হলে আবারও তা চালু হবে।’ জাতিসংঘ, ইউনেসকো, বন বিভাগ থেকে নৌপথটিকে অবৈধ হিসেবে উল্লেখ করে তা বন্ধের যে আহ্বান জানানো হয়েছে, সে সম্পর্কে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সবাই বিরোধিতা করলে বিকল্প পথ দিয়ে চলাচল করা যায় কি না, তা খতিয়ে দেখছি।’
এদিকে তেল অপসারণের জন্য নৌবাহিনীর জাহাজ কান্ডারি-১০ গতকাল সকালে মংলা বন্দরে এসে পৌঁছায়। নদীতে একধরনের রাসায়নিক পদার্থ ছড়িয়ে তেল ছড়ানো বন্ধ করা হবে বলে নৌবাহিনী থেকে জানানো হয়েছে।
তবে সুন্দরবনের পাশের গ্রাম চিলার লাভলু গাজী আক্ষেপ করে বলেন, ‘এই নদীর পানি খাই আমাদের জীবন চলে। আর কয় দিন পর নদীর পানি লবণ হই যাবে। এর আগেই পানি পরিষ্কার না করলি সামনের দিনি পানির অভাবে মরতি হবেনে।’