‘তোমরা হামার ছোলট্যাক আনি দ্যাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত মাদ্রাসাছাত্র আতিকুর রহমানের বাবা রাকু মিয়ার আহাজারি। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আতিকুরের বাড়িতে তোলা
ছবি: প্রথম আলো

‘হামরা (স্বামী-স্ত্রী) ভালো ছোল (ছেলে) থুয়া বড় ডাক্তারের কাচে চিকিৎসার জন্নে ঢাকাত গেচিনো। আচকে বিকালে ডাক্তার দেকানো হয়। তাক থুয়া বাড়িত ফিরি ছোলের মরা মুক দেকনো। ওমরা (ট্রাকচালক) হামার ছোলট্যাক কিসোক মারি ফেলাল। ছোলটে কি দোস করচিল। তোমরা হামার ছোলট্যাক আনি দ্যাও।’

নিহত আতিকুর রহমান (১২)
ছবি: সংগৃহীত

শুক্রবার সন্ধ্যায় চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়িতে ফিরে এভাবেই বিলাপ করছিলেন ট্রাকের ধাক্কায় নিহত মাদ্রাসাছাত্র আতিকুর রহমানের (১২) বাবা চায়ের দোকানদার রাকু মিয়া। এ সময় আতিকুরের মা অঞ্জনা বেগম সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়েছিলেন। বড় ভাই আশিকুর রহমানও পাশে আহাজারি করছিলেন। বেলা ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তেঁতুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আতিকুর নিহত হয়। তার বাড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামে।

রাকু মিয়া চায়ের দোকানদার। উপজেলার গাইবান্ধা-বালাসি সড়কের একাডেমি এলাকায় তাঁর চা-পানের দোকান আছে। রাকু মিয়ার দুই মেয়ে ও দুই ছেলে। তাঁদের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে আশিকুর কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। আর আতিকুর স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। লেখাপড়ার পাশাপাশি দুই ভাই বাবার দোকানে সাহায্য করে।

রাকু মিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে তিনি ঢাকায় যান। বাবা-মায়ের অনুপস্থিতিতে দুই ভাই চা-পানের দোকান চালাচ্ছিল। দোকানের জন্য পার্শ্ববর্তী তেঁতুলতলা বাজারে পান-সুপারি আনতে গিয়েছিল আতিকুর। বাইসাইকেলে করে ফেরার পথে তেঁতুলিয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয় সে।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। রাতে নিহত আতিকুরের দাফন সম্পন্ন হয়। সন্ধ্যায় মধ্য কঞ্চিপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, আতিকুরের বাড়িজুড়ে চলছে শোকের মাতম।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র আতিকুর রহমান (১২) নিহত হয়। জব্দ করা ট্রাক
ছবি: প্রথম আলো

ফুলছড়ি থানার উপপরিদর্শক ময়নুল হক প্রথম আলোকে বলেন, এখনো থানায় কোনো মামলা করা হয়নি। ট্রাকটি ঘটনাস্থলে জব্দ করে রাখা হয়েছে। চালক ও তাঁর সহকারীকে আটকের চেষ্টা চলছে।