করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

আমার বাবুর বয়স মাস চারেক হয়ে গেল। কিন্তু ওর জন্মের দুমাস পর থেকেই বিশ্বজুড়ে যে মহামারির ছোবল, তা আমাদের দেশকেও ছুঁয়েছে। কোথায় এখন ওর ভোরের প্রথম আলো, দখিনের বাতাস আর খোলা হাওয়ায় বেড়ে ওঠার কথা তা না, উল্টো দুটো ঘরের মধ্যেই তার প্রায় একরকম বন্দিজীবন। আহা শুভ্রনীল। শুভ্রনীল মানে সুস্বাগত। যে বিকেলে ও জন্ম নেয়, তখনো বাতাস অত ভারী হয়ে ওঠেনি, নিয়মের কঠিন বলয়ে সুর মেলায়নি প্রলয়। তবে ওকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্যই বসে থাকিনি আমরা।
আমি, আমরা যারা চিকিৎসক তারা তখন নিত্যকার কাজকর্ম জীবনের চালচিত্র বদলাতে থাকি ক্রমাগত। বদলে যাওয়া সময়ে পরিবর্তিত জীবনে অভ্যস্ত হওয়ার লড়াই।
প্রথম লড়াই শুরু হলো নীরবে নিজের সঙ্গে নিজের প্রতিদিনের রুটিনকে ঢেলে সাজানো আর নতুন কিছুতে নিজেকে অভ্যস্ত করে ফেলা। একটা মাস্ক বা পিপিই পরে একনাগাড়ে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে কাটিয়ে দেওয়ার মানসিকতা ধারণ এবং প্রতিপালন খুব সহজ নয়। নিজেকে বদলে নিলাম খুব দ্রুতই। হাসপাতালে সেবা দেওয়ার পর বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবাদান অব্যাহত রাখি।
বাসায় ফিরে নিজেকে একটু আলাদা রাখি পরিবারের সদস্যদের থেকে। এই সময়টায় খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আসে। আমিষজাতীয় খাবার, শাকসবজি, ফলমূল গরম পানি নিয়ম মেনে খাওয়া।
নিজের পরিবারের একটা নিয়মের বলয় রেডি করার পরই সামাজিক দায়বদ্ধতায় নিজেকে নিয়োজিত করি। এত দিন ধরে যে বা যারা আমাদের জীবনকে বদলে দিয়েছে ক্রমান্বয়ে কিংবা করেছে সহজতম, তারা কেমন আছে; ভালো কি আছে তারা এই ক্রান্তিলগ্নে? যারা আমার তিন ফুটের কাছে এসেছে সুসময়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। এতে মোবাইলের অ্যাপভিত্তিক সেবা খুব কাজে আসে। কিছু টাকা চলে যায় তাদের মুঠোফোনে। হকার, ক্ষৌরকার সবাই ছিল যাদের পাশে দাঁড়িয়েছি। মানুষ তার সাধ্যের সবটুকু দেওয়ার চেষ্টা করলেও যেহেতু সব সময় তা করা হয়ে ওঠে না, তাই থেকে যায় কিছু আক্ষেপ।
অল্প অল্প করে নীরবে বাড়তেই থাকে করোনা রোগী। সমাজের নানা শ্রেণি–পেশার মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিরবধি। আমরা চিকিৎসকেরাও দায়িত্ববোধ আর কঠিন নিয়মের মধ্যে নিজেদের নিয়োজিত রেখে দেশমাতৃকার এমন ক্ষণে ঝাঁপিয়ে পড়ি। এমন সময় আমার এক স্যারের একটা লেখনী প্রতিদিন আমাকে অনুপ্রেরণা দিত। স্যার তাঁর কোনো এক লেখার শেষে বলেছিলেন, ভালোবাসি বাংলাদেশ, আমরা তোমার সাথেই আছি, আমরা তোমার জন্যই বাঁচি। একটা সময় অনেক সংখ্যক আক্রান্ত হলে আমাদের জেলা হাসপাতাল লকডাউন হলো। আমাকে দেওয়া অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত রেখে ভাবতে থাকি আর দেখতে থাকি আসলে সবাই তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে করোনা থেকে মুক্তি আসবেই।
এই সময়টায় খুব সচেতনভাবে চলতে হবে কারণ, একজন সচেতন হলে তার পরিবার আর তার থেকে আশপাশের অনেক মানুষ বদলে যাবে, হয়তো হবে কিছু সচেতন। নিজেদের এ লড়াই চালিয়ে যেতেই হবে। সহসাই এ যুদ্ধে জয়ী হওয়া না গেলেও আলো থেকে খুব দূরে নই আমরা।
এ সময়ে আমরা নিজেদের ওপর আরোপিত দায়িত্ব সঠিক উপায়ে পালন করেছি আর ভবিষ্যতেও এর ব্যত্যয় হবে না জেনেই প্রতিদিন শপথ নিতাম মনে মনে। বাসায় আর থাকা হয় না। এখন দায়িত্ব নিয়েই উঠে গেছি হোটেলে, একটানা ডিউটি করে এখানেই কোয়ারেন্টিনে থাকব, তারপর কিছু সময় পরিবারকে দিয়ে আবার আসব কাজে হাসপাতালে।
এখন এ রকম একটা চক্রেই জীবন। রোগীদের সচেতনতা বাড়াতে সব রোগীর সঙ্গেই দুই মিনিট কথা বলি, জানতে চাই তারা কী রকম লড়াই করছে এই দুঃসময়ে। তাদের কাছ থেকেও শিখি বেঁচে থাকার সোপান লড়াই চালিয়ে যাওয়ার অদম্য মানসিকতা।
আমার ছোট্ট বাবুটা একসময় কথা বলতে শিখবে। তাকে গল্প শোনাব কী বিভীষিকাময় ছিল প্রতিটি দিন, প্রতিটি মাস। কত দীর্ঘ ছিল বেঁচে থাকার লড়াই। আমাদের সীমিত সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছিলাম বলেই আমরা নতুন ভোরের প্রথম আলোয় বুঝেছ শুভ্রনীল।
সেদিন আমরা আরেকবার চিৎকার দিয়ে সমস্বরে বলব...
ভালোবাসি বাংলাদেশ
আমরা তোমার সাথেই আছি
তোমার জন্যই বাঁচি।
*চিকিৎসক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিশেষজ্ঞ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, মৌলভীবাজার। [email protected]