নিহত ত্বকীসহ করোনায় মৃতদের স্মরণে আলোক প্রজ্বালন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নিহতদের স্মরণ ও বিশ্ব শান্তির কামনায় একযোগে সামাজিক দূরত্ব মেনে বাড়িতে বাড়িতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
আজ সোমবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহ্বানে সাড়া দিয়ে ত্বকী হত্যার ৮৭ মাস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নিজ নিজ বাড়িতে এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচি পালনের সময় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘এ বিশ্বে কেবল মানুষেরই একমাত্র অধিকার নয়। বিশ্বে বিরাজমান সব পশু-পাখি, বৃক্ষ, জলজ-প্রাণী, বন-প্রকৃতি সবকিছুরই বেঁচে থাকার, টিকে থাকার অধিকার রয়েছে। সভ্যতা ও উন্নয়নের নামে বিভিন্ন সময় মানুষ কেবল মানুষের অধিকার ও স্বাধীনতাই হরণ করেনি পৃথিবীর সব প্রাণীকেই তারা বিপন্ন করে তুলেছে, তাদের অধিকার হরণ করেছে। আজকে করোনা বাস্তবতা মানুষের সে নৃশংসতার কুৎসিত চিত্র উন্মোচন করে দিয়েছে। আজকে আমাদের সামনে নতুন এক পৃথিবী গড়ার শপথ নেওয়ার সময় এসেছে। যেখানে সবাইকে অধিকার বঞ্চিত করে নিজেই কেবল টিকে থাকার নগ্ন প্রতিযোগিতা থাকবে না। রাষ্ট্র হবে মানবিক ও সবার।’
সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর বলেন, ত্বকী হত্যার বিচারের দাবিতে সাত বছরের অধিক সময় ধরে প্রতি মাসের ৮ তারিখে তাঁরা আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করছেন। সরকারের বৈষম্যমূলক বিচারব্যবস্থায় দীর্ঘ সাত বছরেও এ হত্যার বিচার হয়নি। আজকে হত্যার ৮৭ মাস উপলক্ষে ত্বকীসহ বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে নিহতদের স্মরণ করছি।’
নিজ নিজ অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক পলাশ দে, সমগীতের সভাপতি অমল আকাশ, সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা কমিটির সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ দুই শতাধিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা–কর্মী।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখাখাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্জ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।