ত্বকীসহ করোনায় মৃতদের স্মরণে আলোক প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্মরণ এবং বিশ্ব শান্তির কামনায় একযোগে দুই শতাধিক গৃহে সামাজিক দূরত্ব মেনে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা দুই শতাধিক বাড়িতে এই কর্মসূচি পালন করেন।

নিহত ত্বকীর বাবা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘ইতিহাসের কঠিন এক সময় আমরা এখন অতিবাহিত করছি। প্রতিদিন হাজারো মানুষ করোনায় মৃত্যুবরণ করছে। মানবসভ্যতার ইতিহাসে এ এক ভয়াবহ বিপর্যয়। মানবশূন্য পৃথিবী আমরা চাই না। আমরা যে পৃথিবীর স্বপ্ন দেখি, সেখানে মানুষসহ পশু-পাখি, মাছ, বৃক্ষ, নদী-প্রকৃতি সবকিছুরই অস্তিত্ব থাকবে, এসবের বেড়ে ওঠা, টিকে থাকার স্বাধীনতা থাকবে। যারা একটি সুন্দর জীবন, সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখত, তাদের অনেকেই আজ করোনার ছোবলে মৃত্যুবরণ করছে। কিন্তু আমরা কাউকে হারাতে চাই না। সামাজিক দূরত্ব বা বিচ্ছিন্নতা সাময়িক এক প্রতিষেধক হলেও যূথবদ্ধতা ও ঐক্যই কেবল মুক্তির চুড়ান্ত শক্তি। আজকে এ আলোক প্রজ্বালনের মধ্য দিয়ে আমরা স্ব-স্ব ঘরে থেকেও আলো হাতে যুক্ত হয়েছি একে অপরের সঙ্গে। এ সংযুক্তি সে বোধ তৈরি করবে, আমরা এ অন্ধকার থেকে আলোয় ফিরে যাব।’

সংগঠনের সভাপতি ভবানী শংকর বলেন, ত্বকী হত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে প্রতি মাসের ৮ তারিখে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সরকারের বৈষম্যমূলক আচরণের কারণে এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। ৮৬ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচির মাধ্যমে ত্বকীসহ সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের স্মরণ করছি।

নিজ নিজ অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, উদীচী জেলা সভাপতি জাহিদুর হক, সমগীতের সভাপতি অমল আকাশ, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা কমিটির সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।