‘ত্রাণ নয়, ভিক্ষা নয়, টেকসই বেড়িবাঁধ চাই’
‘ত্রাণ নয়, ভিক্ষা নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগান তুলে খুলনায় দুটি সংগঠন মানববন্ধন করেছে। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ শুক্রবার বিকেলে পৃথকভাবে খুলনা নগরের শিববাড়ী মোড়ে মানববন্ধন দুটি অনুষ্ঠিত হয়।
প্রথমে বেলা চারটার দিকে শিববাড়ী মোড়ে মানববন্ধন করে সাতক্ষীরার শ্যামনগরের ‘গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি’। একই স্থানে সাড়ে চারটার দিকে যৌথভাবে মানববন্ধন করে খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংক। দুটি মানববন্ধন আয়োজন করে ‘দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ’।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের আহ্বায়ক সালাউদ্দিন সবুজ। সংগঠনের সমন্বয়কারী সৌরভ গাইন ও কমলেশ বাছাড়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওই সংগঠনের সদস্য দেলোয়ার হোসেন, শাহ জিয়াউর রহমান, আসাদ শেখ প্রমুখ।
এ সময় বক্তারা আরও বলেন, উপকূলের মানুষকে জিম্মি করে বাঁধ ভাঙার আশায় থাকেন এক শ্রেণির অসাধু জনপ্রতিনিধি ও ঠিকাদারেরা। বাঁধ মেরামতের নামে তাঁরা লাখ লাখ টাকা লোপাট করেন। উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ষাটের দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এ কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসের কথা শুনলেই আঁতকে ওঠে উপকূলের মানুষ। তারা ঝড়কে ভয় পায় না, উপকূলের মানুষ ভয় পায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়াকে। উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারণে ২০০৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর এবং খুলনার দাকোপ, কয়রা এলাকায় ব্যাপক ক্ষতি হয়। কয়েক বছর সাগরের লোনাপানিতে বন্দী থাকতে হয় হাজার হাজার পরিবারকে। এ সময় টিকতে না পেরে শত শত মানুষ উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে গেছে।
বক্তারা বলেন, আইলার সময়ই উপকূলীয় এলাকার ভঙ্গুর বাঁধ টেকসই করার বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এক যুগেও তা আর হয়নি। এ কারণে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙে উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে। কয়রা, শ্যামনগর, আশাশুনির এমন চিত্র এখন দেশবাসীর কাছে নতুন নয়।