ত্রাণ পেয়ে খুশি বন্যার্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ দেওয়া হয়। ছবি: প্রথম আলো
সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ দেওয়া হয়। ছবি: প্রথম আলো

রূপবান বেগমের স্বামী নেই। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। যা আয় হয় তা দিয়েই চার ছেলে ও এক মেয়ে নিয়ে চলেন। এলাকায় বন্যার পানি উঠেছে। বাড়িঘর ডুবে গেছে। তাই এখন কাজ নেই। খুব কষ্টে দিনগুলো পার করছেন রূপবান।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনার তীরের জগৎপুরা গ্রামের রূপবান এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া ত্রাণ নিতে। ত্রাণ পেয়ে তিনি বললেন, ‘কামকাজ নাই, ঘরে খাবার নাই। যা পাইলাম তা দিয়া দুই-এক দিন খাওন চলব।’

প্রায় এক মাস ধরে যমুনার তীরবর্তী জগৎপুরা, গুলিপেঁচা, নলীনসহ বাঁধের পূর্ব প্রান্তের এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এই তিন গ্রামের ১০০ বানভাসি মানুষকে আজ রোববার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ দিয়েছেন বন্ধুসভার সদস্যরা।

ত্রাণ নিতে এসেছিলেন শারীরিক প্রতিবন্ধী হাসমত আলী ও দৃষ্টিহীন আয়নাল হোসেন। কাজ করার সক্ষমতা না থাকায় তারা মানুষের কাছে চেয়ে যা পান, তা–ই দিয়েই চলেন। বন্যা ও করোনার কারণে এখন কারও কাছে চাইতেও পারেন না। দুজনেই জানালেন, ত্রাণ পেয়ে খুব উপকার হলো তাদের।

ত্রাণ নিয়ে বাড়িতে ফিরছেন বন্যাদুর্গত মানুষ। গোপালপুর উপজেলার নলীন বাজারসংলগ্ন মাঠে। ছবি: প্রথম আলো
ত্রাণ নিয়ে বাড়িতে ফিরছেন বন্যাদুর্গত মানুষ। গোপালপুর উপজেলার নলীন বাজারসংলগ্ন মাঠে। ছবি: প্রথম আলো

টাঙ্গাইল শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে গোপালপুর উপজেলার নলীন বাজারসংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ দেওয়া হয়। ত্রাণ হিসেবে ছিল চাল, ডাল, চিড়া ও গুড়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান, নলীন নঈম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়ামত আলী খান, গ্রাম পাঠাগার আন্দোলনের সংগঠক আবদুস সাত্তার খান, টাঙ্গাইল বন্ধুসভার সাধারণ সম্পাদক শাতীল রহমান, সাবেক সভাপতি অজয় কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক শুভ্র দে সরকার প্রমুখ।

জগৎপুরা গ্রামের মহিফুল বেগমের বাড়িঘর নদীতে ভেঙে গেছে। এখন মা-বোনসহ থাকেন অন্যের বাড়িতে। ত্রাণ পেয়ে তিনি বললেন, ‘পত্রিকার মাইনষেরা তো খবর দেয়, ত্রাণ দেয় তা তো জানতাম না।’

কৃষক আবুল কালাম জানান, বন্যার কারণে পরিবারের ছয় সদস্য নিয়ে তাঁর চলা খুব কষ্ট হয়েছে। প্রতিবছর যমুনার ভাঙন আর বন্যায় দুর্ভোগ পোহাতে হয়। ত্রাণ পেয়ে তিনি প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।