ত্রাণের আশায় উপজেলা পরিষদ ভবনে এনআইডির ফটোকপি ফেলার হিড়িক

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ ভবনে ত্রাণের আশায় বাড়ছে অসহায় মানুষের ভিড়। তাঁদের মধ্যে অনেকে কোনো কিছু না বলেই ভবনের বারান্দায় ফেলে যাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি। তাঁদের কেউ বলছেন, এখানে এনআইডি জমা রাখলে ত্রাণ পাওয়া যাবে। আবার কেউ বলছেন, রেশনের কার্ডের জন্য তালিকায় নাম ওঠাতে এগুলো ফেলে যাচ্ছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ওই বারান্দায় একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ‘যত্রতত্র কোনো প্রকার আইডি কার্ড জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়নি। সুতারাং আপনারা মুল্যবান আইডি কার্ডের ফটোকপি এভাবে ফেলে যাবেন না।’
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ ভবনে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষজনের ভিড়। তাঁদের অনেকের হাতে এনআইডির ফটোকপি। কেউ কেউ আশপাশের দোকান থেকে ফটোকপি করে নিয়ে আসছেন। এরপর তা বারান্দায় ফেলে চলে যাচ্ছেন।
এনআইডি কার্ড হাতে নিয়ে ঘটনাস্থলে আসা মোহাম্মদ ফিজার বলেন, ‘এখন হাতে কোনো কাজ নেই। ঘরে বসে আছি। হাতে কোনো পয়সাও নেই। এই অবস্থায় কী খাব, ভেবে পাচ্ছি না। শুনেছি উপজেলা পরিষদে আইডি কার্ড জমা দিলে রেশনের কার্ড দেওয়া হচ্ছে। এসে দেখলাম, সবাই বারান্দায় এনআইডির ফটোকপি ফেলছে। তাই আমিও এখানে ফেলেছি।’
এনআইডি নিয়ে আসা আরেক ব্যক্তি আজিমুল হক। তিনি এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি। কাঠমিস্ত্রির কাজ করে এত দিন সংসার চালিয়ে আসছেন। বর্তমানে কাজ বন্ধ থাকায় কষ্টে দিন কাটাছে। লোকমুখে শুনেছেন, এখানে ভোটার আইডি কার্ড জমা দিলে টাকা পাওয়া যাবে। এ জন্য কার্ড নিয়ে এসেছেন।
কার্ড জমা দিতে আসা বৃদ্ধা জামেনা খাতুন জানান, তাঁর স্বামী নেই। একটু সাহায্য পেলে বেঁচে যেতেন। লোকজন বলাবলি করছে, এখানে আইডি কার্ডের ফটোকপি জমা দিলে যাচাই-বাছাই করে খাবার দেওয়া হবে। এই কারণে জমা দিয়ে গেলেন।
একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেল, করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি বাড়ছে। একই সঙ্গে বাড়ছে খেটে খাওয়া মানুষের কষ্ট। কাজ না থাকায় আয়-রোজগার নেই। এই অবস্থায় অনেকটা বাধ্য হয়ে হাত পাতছেন তাঁরা। ঠিক সেই সময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে উপজেলা প্রশাসন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নিচ্ছে। কিন্তু উপজেলা প্রশাসন সূত্রে জানা গেল, এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। নিছক ছড়ানো কথায় কান দিয়ে মানুষজন এই কাজ করছেন।
জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা বলেন, তাঁরা আইডি কার্ড জমা নেওয়ার কোনো ঘোষণা দেননি। মানুষ নানাভাবে নানা কথা শুনে এভাবে কার্ডের ফটোকপি ফেলে রেখে যাচ্ছেন। তাঁরা অনেককে বুঝিয়ে বলেছেন যে এভাবে কার্ড রাখা ঠিক না। তবু অনেকে এই কাজ করছেন। তাই বারান্দায় রেখে যাওয়া ফটোকপিগুলো তাঁরা গুছিয়ে রাখছেন।