ত্রিতরঙ্গের আবৃত্তিসন্ধ্যা

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের ১৪, ১৫ ও ১৬তম ব্যাচের সমাবর্তন উপলক্ষে ১৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় আবৃত্তিসন্ধ্যার। আসাদউল্লাহ চৌধুরী ও সেঁজুতি শ্রেয়ার সঞ্চালনায় আয়োজনের শুরুতে ছিল ‘হারানো বাংলাদেশ’ ও ‘রবির আলো’ শিরোনামের বৃন্দ পরিবেশনা। এরপর শুরু হয় আলোচনা ও পুরস্কার বিতরণী পর্ব। এতে অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. মাহবুবুর রহমান ও আবৃত্তিশিল্পী গেলাম সারোয়ার। আলোচনা শেষে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের মধ্যে।
বক্তারা বলেন, কবিতার মাধ্যমে সমাজ থেকে অন্যায় ও অসংগতি দূর করা সম্ভব। তাই আবৃত্তি হয়ে উঠুক সচেতন সমাজ গঠনের সক্রিয় মাধ্যম।
এরপর শুরু হয় একক পরিবেশনা। হুমায়ুন আজাদের ‘বই’ কবিতাটি আবৃত্তি করেন অর্ক দেব। প্রবীর দাশের পরিবেশনায় ছিল সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কবিতাটি। জয় গোস্বামীর লেখা ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতা নিয়ে মঞ্চে আসেন সুপ্রিয়া চৌধুরী। একে একে আবৃত্তি করেন সামিহা নাওয়ার, আদিল ইলাহী, শামীম আক্তার, উম্মে সানজিদা সালেহীন, রোকেয়া বেগম, পার্থপ্রতিম বড়ুয়া ও মুজিবুল হক। ত্রিতরঙ্গের শিক্ষার্থীদের একক পরিবেশনা শেষে মঞ্চে আসেন শিল্পী গোলাম সারোয়ার। নজরুল ইসলামের ‘প্রতিভাষণ’ কবিতাটির মাধ্যমে শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর পাঠ করেন ‘চারুমুখী মেয়েটি’, ‘দারিদ্ররেখা,’ ‘নীল উপহার’, ‘পুরস্কার’ ও ‘ঠিক আছে’।