বায়ান্নর ভাষাশহীদদের স্মরণে রক্তমাখা বর্ণমালা শিরোনামের আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে ত্রিতরঙ্গ আবৃত্তি দল। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চের পর্দা উঠতেই দেখা গেল সবার হাতে হাতে প্ল্যাকার্ড। মোমবাতির আলোয় আলোকিত প্ল্যাকার্ডে লেখা বায়ান্নর ভাষা আন্দোলনের সময়কার স্লোগান আর মুখে একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’।
বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও তরুণদের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে পঞ্চমবারের মতো এই অনুষ্ঠানে ছিল একক, বৃন্দ ও কথামালা। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় কবি ভাষাসৈনিক মাহবুব-উল আলম চৌধুরীর নামে।
ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্বে শুরু হয় কথামালা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও শোভন সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ ও তারুণ্যের উচ্ছ্বাস। একক আবৃত্তি পরিবেশন করেন কণা দাশ, হাসান জাহাঙ্গীর, আবু নাসের, আদ্রিতা বসাক, মোহাম্মদ আসাদ উল্লাহ, তাসরিন চৌধুরী, সামিহা নাওয়ার, সুজয় দে, প্রমা চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, দেবাশিষ রুদ্র।
সবশেষে ‘বর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা’ শিরোনামের বৃন্দ আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শেষ করে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের শিল্পীরা। অনুষ্ঠানের আবহ পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শিমুল দে ও ফারজাউল শুভ। সঞ্চালনায় ছিলেন সুপ্রিয়া চৌধুরী ও সুজয় দে।