ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার রামপুর এলাকায় ত্রিশাল-বালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আবদুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০)।
প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন। তিনি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত চারজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আর নিহত দুজনের লাশ থানায় পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।