ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। এর মধ্যে তিনজন মারা যান গতকাল শনিবার রাতে। দুজনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আজ রোববার পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন। নিহত ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), হালুয়াঘাট উপজেলার রিফাত মিয়া (২৮) ও সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পারাইল গ্রামের কামাল উদ্দিন (৪০)।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বৈলর বড় দিঘিরপাড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, বাকি নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ওসি বলেন, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালের বৈলর বড় দিঘিরপাড় এলাকায় রাস্তার ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে আনার পর আরও দুজন মারা গেছেন। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। হাসপাতালে এখনো আরও ১২ জন চিকিৎসাধীন।