থমকে আছে ভবন নির্মাণ, খোলা আকাশের নিচে ক্লাস
সূর্য তখন অসহনীয় তাপ দিচ্ছে। এর মধ্যেই খোলা আকাশের নিচে চলছে ক্লাস। কেউ কেউ ঘেমে জবুথবু। এমন দৃশ্যই দেখা যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল খিয়ারপাড়া আলিম অ্যান্ড ভকেশনাল মাদ্রাসায়।
এই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে এসে থামিয়ে দিয়েছেন ঠিকাদার। এ কারণে শিক্ষার্থীদের রোদের মধ্যে ক্লাস করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভবনটি সমাপ্ত হলেই ভোগান্তি থেকে মুক্তি মিলত শিক্ষক-শিক্ষার্থীদের।
সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। একজন শিক্ষক রোদে পুড়ে ঘেমে অস্থির। তিনি পাঠদান করছিলেন। কথা হয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফজাল বিন নাজিরের সঙ্গে। তিনি বলেন, রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাশে ১৯৫২ সালে মাদ্রাসাটি গড়ে ওঠে। মাদ্রাসাটিতে ইবতেদায়ি, দাখিল, ভকেশনাল ও আলিম শাখায় পাঠদান করা হয়। শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক; শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে মাদ্রাসাটি চারতলা ভিত্তির একতলা একটি ভবনের জন্য ৮৫ লাখ টাকা বরাদ্দ পায়। কাজ শুরু হয় ২০১৯ সালের ৬ নভেম্বর। ভবনটির নির্মাণকাজ শেষ করার কথা ৯ মাসের মধ্যে। ভবন নির্মাণের সুবিধার্থে মাদ্রাসাটির পুরোনো টিনশেড ভবনটি ভেঙে ফেলতে হয়। কিন্তু এখন তো ভবন নির্মাণ সম্পন্ন হচ্ছেই না, বরং পুরোনো শ্রেণিকক্ষ ভেঙে ফেলায় প্রতিষ্ঠানটিতে চরম শ্রেণিসংকট দেখা দিয়েছে।
সরেজমিন দেখা যায়, মাদ্রাসাটিতে বর্তমানে ভবন আছে একটি। সেটি ভকেশনাল শিক্ষার্থীদের জন্য। ওই ভবনে রুম আছে তিনটি। সব মিলিয়ে শ্রেণিকক্ষ দরকার আটটি। যে ভবন নির্মাণ করা হচ্ছে, সেটি সম্পন্ন হলে শ্রেণিকক্ষের সংকটের সমাধান হবে। নতুন ভবনটিতে শ্রেণিকক্ষ রাখা হচ্ছে আটটি। কিন্তু ভবন নির্মাণের কাজ কবে নাগাদ শেষ হবে, তা বলতে পারছেন না কেউই। এখন পর্যন্ত কাজ হয়েছে প্রায় ৭০ শতাংশ।
মাদ্রাসার অধ্যক্ষ এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন। এর মধ্যে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু হয়েছে পুরোদমে ক্লাস। এ কারণে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া ছাড়া কোনো উপায় দেখছে না মাদ্রাসা কর্তৃপক্ষ। ভোগান্তির কথা জানিয়ে মাদ্রাসাটির নবম শ্রেণির ছাত্রী তাবাসসুম আক্তার বলে, ‘শ্রেণিকক্ষ না থাকায় আমরা বড় কষ্টে আছি। টয়লেট করাসহ নানা ধরনের সমস্যা হচ্ছে।’
কামাপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বললেন, মাদ্রাসা নতুন ভবনের কাজ প্রায় তিন বছর বন্ধ আছে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকেঁ কিছুই জানায়নি। বিষয়টির খোঁজ দেবেন বলে জানান তিনি।
এ নিয়ে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের সঙ্গে। ৯ মাসের কাজ ৩ বছরেও সম্পন্ন হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এর মধ্যে আমার মা মারা গেছে। খুব দ্রুত কাজটি শেষ করা হবে।’
এর মধ্যে নির্মাণ সামগ্রীর ব্যয় বেড়েছে। এতে বাকি কাজ শেষ করতে বাড়তি খরচের দরকার হবে কি না, এমন প্রশ্নে ঠিকাদার বলেন, টেন্ডার সংশোধনের কোনো সুযোগ নেই।
নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘আমার জানামতে নির্মাণকাজ থেমে নেই। আর যদি বন্ধ হয়ে থাকে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’