থানচিতে আবার পাহাড়ের খাদে পণ্যবাহী ট্রাক, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানের থানচি উপজেলার বান্দরবান-চিম্বুক-থানচি সড়কে আবার একটি পণ্যবাহী ট্রাক খাদে পড়ে মোহাম্মদ সাঈদ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় আরও তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

থানচি থানা ভবন নির্মাণের জন্য সামগ্রী নিয়ে ট্রাকটি বান্দরবান জেলা শহর থেকে থানচি যাচ্ছিল বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। গত বৃহস্পতিবার একই স্থানে একটি মাইক্রোবাস পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা বিভাগের তিন কর্মচারী নিহত হন। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন আরও ছয়জন।

আরও পড়ুন

জীবননগর পাহাড়ের পাদদেশে অবস্থিত ভরতপাড়ার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১২টার দিকে থানচিগামী ওই ট্রাক নীল দিগন্ত পর্যটনকেন্দ্র অতিক্রম করে জীবননগর পাহাড়ের আঁকাবাঁকা সড়ক দিয়ে নামছিল। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। ট্রাকে চালকসহ মোট চারজন ছিলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পার্শ্ববর্তী বিজিবির বলীপাড়ার ব্যাটালিয়নকে জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার কাজে যোগ দেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরোয়ার বলেন, ট্রাকটি থানচি থানা ভবনের নির্মাণের জন্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে মোহাম্মদ সাঈদ নামের ঠিকাদারের এক কর্মচারী নিহত হন। তাঁর বাড়ি ফরিদপুরে। ট্রাকের চালক চট্টগ্রাম বিশ্বরোডের আবদুল মজিদ (৫০), চালকের সহকারী কুমিল্লার নাঙ্গলকোটের মো. রিজন (১৮) ও চাঁদপুরের মো. ফরহাদ (২০) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।