থানা ব্রিজ নয়, সেতুর নাম ঘোড়াপট্টি রাখার দাবিতে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া শহরে টাউন খালের ওপর নির্মিত অর্ধশত বছর পুরোনো ঘোড়াপট্টি সেতু বা ফকিরাপুল। সম্প্রতি পৌরসভা এই সেতুর নামকরণ করেছে ‘থানা ব্রিজ’সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে টাউন খালের ওপর নির্মিত অর্ধশত বছর পুরোনো সেতুটির সম্প্রতি নতুন নামকরণ করেছে পৌর কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে ‘ঘোড়াপট্টি সেতু’ বা ‘ফকিরাপুল’ হিসেবে পরিচিত এই সেতুর নামকরণ করা হয়েছে ‘থানা ব্রিজ’। কিন্তু এই নতুন নামকরণের বিরোধিতা করেছে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে ফেসবুকভিত্তিক একটি সংগঠন। তারা সেতুর ঐতিহ্যবাহী পুরোনো নাম ‘ঘোড়াপট্টি সেতু’ পুনর্বহালের দাবিতে আজ সোমবার এক হাজার সাধারণ মানুষের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে।

বিকেল সাড়ে চারটার দিকে সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়র নায়ার কবিরের কাছে প্রথমে স্মারকলিপি জমা দেওয়া হয়। এরপর জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের কাছেও আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগের মূল সমন্বয়কারী পুলক দাস, সংগঠনের সদস্য কাজল সাহা, আলামিন রাকিন, আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এক সভায় ওই ঘোড়াপট্টি সেতুর নাম পরিবর্তন করে থানা ব্রিজ নামকরণ করা হয়। এর আগের দিন ২৯ সেপ্টেম্বর পৌরসভার পক্ষ থেকে ওই সেতুর দুই পাশে ‘থানা ব্রিজ’ লেখাসংবলিত দুটি সাইনবোর্ড ঝোলানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‘শহরের প্রধান সড়কের ওপর নির্মিত ঘোড়াপট্টি সেতুর নাম পরিবর্তন করে থানা ব্রিজ করা হয়েছে। ঘোড়াপট্টির নামটি সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের আবেগ ও ভালোবাসা জড়িত। সেতুর আকস্মিক এই নাম পরিবর্তনটি আমাদের আবেগতাড়িত করেছে। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে। মূল শহরের ওপর অবস্থিত এই সেতুটি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের প্রতিনিধিত্ব করে।’

ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিচালিত ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’। এই নামেই সংগঠনের ফেসবুক পেজ রয়েছে। এ ছাড়া ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি ফেসবুক গ্রুপও চালায় সংগঠনটি। ওই ফেসবুক গ্রুপেই সম্প্রতি সেতুর নাম পরিবর্তন নিয়ে জরিপ করে সংগঠনটি। ফেসবুকে সেতুর পূর্বের নাম পুনর্বহাল রাখার সমর্থনে একটি গুগল আবেদন ফরম ছাড়া হয়। ২ থেকে ১৬ অক্টোবর ওই আবেদনটি ফরমটি জেলার এক হাজার জন স্বাক্ষর করে অনলাইনে জমা দেন। এই আবেদনকারীরা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে অবিকৃত রাখতে সেতুর নাম পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনা করে সেতুর দুই পাশে নবস্থাপিত ‘থানা ব্রিজ’ সাইনবোর্ড সরানোর অনুরোধ করেন স্মারকলিপিতে।
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এক সভায় ওই ঘোড়াপট্টি সেতুর নাম পরিবর্তন করে থানা ব্রিজ নামকরণ করা হয়। এর আগের দিন ২৯ সেপ্টেম্বর পৌরসভার পক্ষ থেকে ওই সেতুর দুই পাশে ‘থানা ব্রিজ’ লেখাসংবলিত দুটি সাইনবোর্ড ঝোলানো হয়।

সেতুর কোনো আনুষ্ঠানিক নাম ছিল না। সেতুতে বসে ভিক্ষুকেরা ভিক্ষাবৃত্তি করত। মানুষ বিকৃত করে এটিকে তাই ‘ফকিরাপুল’ বলেও ডাকে। তাই পৌর পরিষদের সিদ্ধান্তে সেতুর নাম পরিবর্তন করা হয়েছে।
নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র

ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল বা শহর খাল নামে পরিচিত খালটি তিতাস নদ থেকে শুরু হয়ে শহরের পশ্চিম দিকে বয়ে গেছে। চার থেকে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পুনরায় গোকর্ণ এলাকার তিতাস নদে মিশেছে। কুমিল্লা-সিলেট-চট্টগ্রাম রুটের সব যান একসময় কাউতলী-ঘাটুরার এই সড়ক দিয়ে চলাচল করত। এই সড়কের মধ্যবর্তী স্থানে টি এ রোডের শহর খালের ওপর নির্মিত প্রায় অর্ধশত বছর পুরোনো এই সেতু। স্বাধীনতার আগের সময়ে শহর খালের সেতুর পূর্ব দিকের (বর্তমানে মালুমিয়া ম্যানশন ও হাজেরা কমপ্লেক্স) জায়গায় এবং টি এ রোডে (বর্তমানে জমিলা ম্যানশনের সামনে মোড়) ঘোড়ার গাড়িগুলো থাকত। সেই সময় থেকেই সেতুটি ‘ঘোড়াপট্টি সেতু’ এবং টি এ রোডের বর্তমানে জমিলা ম্যানশনের সামনের তিন রাস্তার মোড় এলাকা ‘ঘোড়াপট্টি মোড়’ হিসেবে পরিচিতি পায়। তবে কখনোই আনুষ্ঠানিকভাবে সেতুটির কোনো নামকরণ করা হয়নি।

সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো এই সেতুর দুই পাশে ভিক্ষুকেরা বসে ভিক্ষাবৃত্তি করতে শুরু করে। এরপর থেকে সেতুটি মুখে মুখে ‘ফকিরাপুল’ হিসেবেও পরিচিতি পেতে শুরু করে। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় মানুষ অবশ্য একে ঘোড়াপট্টি সেতু বা ফকিরাপুল দুই নামেই ডাকে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, সেতুর ওপর থেকে ভিক্ষাবৃত্তি এড়াতে সম্প্রতি নতুন নামকরণের উদ্যোগ নেয় পৌরসভা। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ পৌর মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর ২৪ জন ভিক্ষুককে ২৫ হাজার করে টাকা ও পৌরসভার পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেয়। গত ৩০ সেপ্টেম্বর পৌর পরিষদের এক সভায় সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। আর এক দিন আগে ২৯ সেপ্টেম্বর পৌরসভার পক্ষ থেকে সেতুর দুই পাশে থানা ব্রিজ লেখা দুটি সাইনবোর্ড ঝোলানো হয়।

মেয়র নায়ার কবির জানান, সেতুর কোনো আনুষ্ঠানিক নাম ছিল না। সেতুতে বসে ভিক্ষুকেরা ভিক্ষাবৃত্তি করত। মানুষ বিকৃত করে এটিকে তাই ‘ফকিরাপুল’ বলেও ডাকে। তাই পৌর পরিষদের সিদ্ধান্তে সেতুর নাম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ‘ঘোড়াপট্টি সেতু নামের পক্ষে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি পেয়েছি। বিষয়টি আমরা বিবেচনা করব।’