থানায় গিয়ে মাতলামি দুই যুবকের কারাদণ্ড
গভীর রাতে রাজশাহীর বাগমারা থানায় এসে মাতলামি করার অপরাধে দুই যুবকের কারাদণ্ড হয়েছে। তাঁরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের জাহিদ হাসান ও পাঁচুপুর গ্রামের খায়রুল ইসলাম চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় ‘ইয়াবাসহ’ আত্রাই উপজেলার সাহেবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও মেহেদি হাসানকে আটক করে। দিবাগত রাত দেড়টার দিকে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতা পরিচয় দিয়ে নাহিদ ও খায়রুল থানায় আসেন। তাঁরা মনিরুল ও মেহেদিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাঁরা অসংলগ্ন কথাবার্তা বলেন, মাতলামি শুরু করেন। পরে তাঁদের আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দপ্তরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় তাঁরা রাতে মাতলামি করার কথা স্বীকার করেন। আদালতের নির্বাহী হাকিম ইউএনও নাছরিন আক্তার তাঁদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, দুপুরে জাহিদ ও খায়রুলকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া মনিরুল ও মেহেদির বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।