থানার তিন শ গজের মধ্যে ডাকাতি, পুলিশ গেল দুই ঘণ্টা পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মাত্র তিন শ গজ দূরত্বের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল আলাদা আলাদা তিনটি বাড়িতে ঢুকে শিশুদের গলায় ছুরি ধরে অন্তত ছয় ভরি স্বর্ণ ও সাত লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত একটা থেকে দুইটা পর্যন্ত আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার আবদুর রশিদ, মো. আল আমিন ও শিবপুর এলাকার আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তবে থানার কাছেই ঘটনা ঘটলেও পুলিশের দেরিতে উপস্থিতি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রথম আলোকে বলেন, রাত আড়াইটায় এলাকার মসজিদের মাইকে তিনি ডাকাতির ঘটনা শুনতে পান। তারপর ঘটনাস্থলে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে রাত তিনটায় পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ভুক্তভোগী মো. আল আমিন প্রথম আলোকে বলেন, রাত একটায় মুখোশধারী ১০ থেকে ১২ জন ডাকাত সদর দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর সাত বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা ঘরের স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন নিয়ে যায়। এরপর রাত দেড়টায় ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল আবুল হোসেনের বাড়িতে ঢোকে। তাঁর তিন ছেলে খোকন, স্বপন, রতন ও বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলামের ঘরে ঢুকে ছয় লাখ টাকা, সাত ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে তাঁরা জানিয়েছেন। ঘটনার সময় এলাকার লোকজন মসজিদের মাইকে ডাকাতি হওয়ার কথা জানালে ডাকাতেরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে পৌরসভার মেয়র ঘটনাস্থলে আসেন। থানার পাশেই এমন ডাকাতির ঘটনা ঘটনা ঘটলেও রাত তিনটায় ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে।

রাত দেড়টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি এলাকার মো. রুহুল আমিনের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। রুহুল আমিন জানান, রাত দেড়টায় ১০ থেকে ১২ জন ডাকাত তাঁর বাড়িতে ঢুকে বাড়ির লোকজনের হাত–মুখ বেঁধে ঘরে থাকা ২৪ ভরি স্বর্ণ ও আড়াই লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ বিষয়ে কথা বলতে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থানার পেছনে হলেও সড়কপথে সেখানকার দূরত্ব প্রায় এক কিলোমিটার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনি বলেন, আড়াইহাজার ডাকাতপ্রবণ এলাকা। তাঁদের প্রতিরোধে পুলিশের টহল থাকলেও ডাকাত দল পুলিশকে অনুসরণ করে টহল এলাকা থেকে দূরের এলাকাগুলোতে ডাকাতি করে। টহল এলাকা থেকে ঘটনাস্থলে আসতে আসতে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।