থানায় জিডি করে ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ ডায়েরি (জিডি) করে ফেরার পথে আরাফাত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানার কাছেই এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরাফাতের ভাই জামাল হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
এই ঘটনায় আবদুর রউফ (৪২), তাঁর ভাই বেলাল মিয়া (৩০), বিল্লাল মিয়া (৩২) ও রুমন মিয়াকে (৩৫) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তাঁদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামে। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরাফাতকে থানার পাশের গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আসামিদের পিছু নিয়ে চার আসামিকেই ধরতে সক্ষম হয়।
মামলার বাদী মো. জামাল হোসেন প্রথম আলোকে বলেন, আসামিদের সঙ্গে তাঁদের জমি নিয়ে আগে থেকেই ঝামেলা চলছিল। আসামিরা গতকাল তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডি করে মোটরসাইকেলে বের হওয়ার সময় থানার পাশের গলিতে তাঁর অন্য দুই ভাইয়ের গতি রোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে আসামিরা।
এ ঘটনায় আজ বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানায় সংবাদ সম্মেলন করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়ার বাসিন্দা আরাফাত ও তাঁর ভাই ডালিম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আরাফাতকে থানার পাশের গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আসামিদের পিছু নিয়ে চার আসামিকেই ধরতে সক্ষম হয়। আরাফাতকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরাফাতের ভাই জামাল হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাল বুধবার আদালতে পাঠানো হবে।