থানায় যুবককে বেধড়ক পেটাল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভেতরে এক যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার জের ধরে স্থানীয় আওয়ামী লীগের সাংসদের ভাগনের নেতৃত্বে ছাত্রলীগের প্রায় দেড় শ নেতা-কর্মী থানায় ঢুকে ভাঙচুর চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে নগরের জেলা পুলিশ লাইনে গতকাল রোববার এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। সমাবেশে যোগ দিতে আড়াইহাজার কমিউনিটি পুলিশের লোকজন নারায়ণগঞ্জ শহরে আসেন। তাঁদের দুপুরে আপ্যায়নের জন্য আড়াইহাজার বাজার এলাকার বিলাসী মিনি চায়নিজ রেস্টুরেন্ট থেকে ২৫০ প্যাকেট খাবার আনে পুলিশ।

ওই সূত্র জানায়, আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর আগের দিন এই খাবারের অর্ডার দেন। রেস্টুরেন্টের ব্যবস্থাপক নাসির (২০) গতকাল প্যাকেটগুলো থানায় নিয়ে গেলে ওসি তাঁকে বলেন, তাঁর প্রয়োজন ২২০ প্যাকেট। এ কথা বলে ২২০ প্যাকেটের দাম দিয়ে বেরিয়ে যান ওসি। তখন বাকি ৩০ প্যাকেট খাবার নিয়ে থানা থেকে বের হওয়ার সময় নাসিরকে আটকান সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর সাইফুল।

বিলাসী মিনি চায়নিজ রেস্টুরেন্টের মালিক ইকবাল হোসেন মোল্লা বলেন, সাইফুল ওই ৩০ প্যাকেট খাবার ফাউ নিতে চেয়েছিলেন। সেগুলো না দেওয়ায় নাসিরকে সাত পুলিশ মিলে দুই পায়ে পেটায়। রেস্টুরেন্টটির মালিক ইকবাল হোসেন মোল্লা স্থানীয় সাংসদ নজরুল ইসলামের ভাগনে।

নাসিরকে মারধরের খবর পেয়ে ইকবালের ছোট ভাই ফয়সাল হোসেন মোল্লার নেতৃত্বে সরকারি সফর আলী কলেজ ছাত্রলীগের প্রায় দেড় শ নেতা-কর্মী থানায় হামলা চালান। তাঁরা থানার দরজা-জানালায় আঘাত করেন এবং সাব-ইন্সপেক্টর সাইফুলকে চড়-থাপড় ও লাথি মারেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাঁকে রক্ষা করেন। একপর্যায়ে পুলিশ ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।

আহত নাসিরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আবার স্থানীয় ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আলমগীর বলেন, সাব-ইন্সপেক্টর সাইফুলের সঙ্গে নাসিরের হাতাহাতি হয়েছে। এ ঘটনা শুনে উত্তেজিত লোকজন থানায় যায়। তবে সাইফুলকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। নাসিরকে পেটানোর ব্যাপারে তিনি বলেন, ‘নাসিরের পায়ের এক্স-রে রিপোর্ট আমি দেখেছি। তাঁর একটি পায়ের বৃদ্ধাঙ্গুলির হাড় ফেটে গেছে।’