থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত
শেরপুরের নকলায় থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নকলা-চন্দ্রকোনা সড়কের নকলা উপজেলার কায়দা চাঁদনী মার্কেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার মোছারচড় এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. রাব্বি (২০) ও ফারুক হোসেনের ছেলে মো. ওয়াসিম (১৮)। তাঁরা দুজন হাজী জাল মামুদ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল রাতে নকলা পৌর শহরের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট উপভোগ শেষে রাত ১২টার দিকে রাব্বি ও ওয়াসিম মোটরসাইকেলে করে উপজেলার মোছারচড় এলাকার বাড়িতে ফিরছিলেন। রাব্বি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা চাঁদনী মার্কেট এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই রাব্বি মারা যান এবং ওয়াসিম গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত ওয়াসিমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে (ওয়াসিম) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার ভৌমিক আজ বুধবার দুপুরে বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।