গোয়ালন্দের দৌলতদিয়া
থেমে থেমে ভাঙছে পদ্মা
৩০ জুলাই দ্বিতীয় দফা ভাঙনে চারটি বসতভিটা বিলীন হয়ে যায়। আতঙ্কে সরে যায় আরও কয়েকটি পরিবার।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট সড়কের ওপর টিনের খুপরি তৈরি করে বসবাস করছেন মজিবর প্রামাণিক ও আনোয়ারা বেগম দম্পতি। পদ্মার ভাঙনের কবলে পড়ে প্রায় তিন সপ্তাহ আগে বসতঘরের মালপত্র নিয়ে তাঁরা এখানে অস্থায়ীভাবে থাকছেন। তাঁদের আগের বসতভিটা নদীতে বিলীন না হলেও ক্রমেই নদী ভেঙে এগিয়ে আসছে। এখন কোথায় যাবেন, সেই দুশ্চিন্তা ভর করেছে তাঁদের।
গত ১৩ জুলাই বেলা ১১টার দিকে আকস্মিকভাবে দৌলতদিয়ার মজিদ শেখ পাড়ায় ভাঙন দেখা দেয়। মাত্র পাঁচ মিনিটের ভাঙনে তলিয়ে যায় আটটি পরিবারের ঘরবাড়িসহ বসতভিটা। ভাঙন–আতঙ্কে অন্যত্র সরে যায় প্রায় ৪১টি পরিবার। এর মধ্যে ছিলেন মজিবর প্রামাণিকও। ঘরের চালা-জিনিসপত্র ভেঙে পাশে লঞ্চঘাট সড়কের ওপর নিয়ে রাখেন তিনি।
গত সোমবার গিয়ে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট সড়কে টিনের ঝুপড়িঘরে বসে পানি-ভাত খাচ্ছেন মজিবর প্রামাণিক। বাটি থেকে ডাল ও কচুর তরকারি পাতে তুলে দিচ্ছেন স্ত্রী আনোয়ারা বেগম।
মজিবর প্রামাণিক বলেন, দৌলতদিয়ার নোহারী মণ্ডল পাড়ায় তাঁদের ১২ বিঘা জমি এবং বড় তিনটি টিনের ঘর ছিল। সংসারে দুই ছেলে আর তিন মেয়ের সংসার। ওই সময় নিজের জমির আবাদ করে সংসার চলত। প্রায় ১০ বছর আগে নদীভাঙনে তাঁদের বসতভিটাসহ সব আবাদি জমি বিলীন হয়ে যায়। হয়ে যান বাস্তুহারা। পরে চলে আসেন লঞ্চঘাট–সংলগ্ন মজিদ শেখের পাড়া। এখানে চার কাঠা জমি বার্ষিক দুই হাজার টাকার বিনিময়ে ভাড়া নিয়ে গড়ে তোলেন একটি টিনের ঘর। সংসার চালাতে মজিবর প্রামাণিক দিনমজুরি শুরু করেন। ইতিমধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে। দুই ছেলে বিয়ে করে আলাদা থাকেন।
ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ যৌথভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করে। এতে ভাঙন অনেকটা থেমে যায়। মজিবর প্রামাণিকের মতো অনেকে শূন্য ভিটায় ঝুপড়িঘরে অপেক্ষায় আছেন যদি ভাঙন বন্ধ হয়, তাহলে কোথাও যাবেন না। অন্তত এবারের মতো এখানে থাকবেন। তবে ৩০ জুলাই ভোরে দ্বিতীয় দফা ভাঙনে চারটি বসতভিটা বিলীন হয়ে যায়। আতঙ্কে সরে যায় আরও কয়েকটি পরিবার। ভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট।
মজিদ শেখের পাড়ার বাসিন্দা রেজাউল করিম ক্ষোভের সঙ্গে বলেন, ‘গুরুত্ব দিয়ে কেউ কাজ করছে না। পানি উন্নয়ন বোর্ড বলে, যখন ভাঙবে তখন কাজ করবে। স্থানীয় জনপ্রতিনিধিদের বালুভর্তি জিও ব্যাগ ফেলতে বললে তাঁরা বলেন, বোট (নৌকা) পাচ্ছি না, অথচ প্রতিদিন থেমে থেমে ভাঙছে। এভাবে চলতে থাকলে দৌলতদিয়া ঘাট আর থাকবে না।’
প্রকৌশলী আব্দুল হেকিম বলেন, আপাতত পানির গতিপথ ঘোরাতে লঞ্চঘাটের সামনে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করা হবে। যত দিন ভাঙন বন্ধ না হবে, তত দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ হবে। এতে ফেরিঘাট এলাকা থেকে শুরু করে ভাটিতে প্রায় দুই কিলোমিটার এবং উজানে আরও প্রায় চার কিলোমিটার এলাকা নদীশাসনের কাজ হবে।